Abduction

হাওড়া স্টেশন থেকে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণের দাবি, আবাসন থেকে উদ্ধার, গ্রেফতার সাতজন

হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে ব্যবসায়ী পেয়ারেলালকে অপহরণের অভিযোগ। লিলুয়ার একটি আবাসনে তাঁকে আটকে রেখে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। লিলুয়া ও গোলাবাড়ি থানার যৌথ অভিযানে ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১০:১৬

হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার অভিযানে নেমে পুলিশ ব্যবসায়ীকে উদ্ধার করে। লিলুয়া ও গোলাবাড়ি থানার যৌথ অভিযানে ঝিল পাড় রোডের একটি আবাসন থেকে তাঁকে উদ্ধার করা হয়। ঘটনায় পুলিশ সাত জনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশনের সাবওয়ের কাছ থেকে বুধবার পেয়ারেলাল নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। একটি বাইক ও একটি স্কুটিতে করে তিন জন আসে। এবং তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরে লিলুয়া থানা এলাকার ঝিল রোডের একটি বহুতল আবাসনে তাঁকে আটকে রাখা হয়। সেখানে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে জানা গিয়েছে।

এদিকে বুধবার রাত থেকে পরিবারের সদস্যেরা পেয়ারেলালের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু কোনওভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর বৃহস্পতিবার সকালে গোলাবাড়ি থানায় পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানেই ব্যবসায়ীকে অপহরণের ছবি পুলিশের হাতে আসে। ফুটেজে দেখা যায়, বাইক ও স্কুটিতে করে তিন জন এসে তাঁকে নিয়ে যাচ্ছে। এরপর অপহরণকারীদের খোঁজে গোলাবাড়ি ও লিলুয়া থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজের পাশাপাশি মোবাইল টাওয়ারের অবস্থানও ট্র্যাক করা হয়। সেই সূত্র ধরেই অপহরণকারীদের অবস্থান সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়।

বৃহস্পতিবার রাতে লিলুয়ার ঝিল পাড় রোডের একটি আবাসনে পুলিশ অভিযান চালায়। সেখান থেকেই সাত জনকে আটক করা হয়। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যবসায়ীর সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল অভিযুক্তদের। টাকার লোভেই তাঁকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। আটক সাত জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে গোলাবাড়ি ও লিলুয়া থানার পুলিশ।


Share