Road Accident

নিউটাউনে দুই বাইকের সংঘর্ষ, মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত দু'জন

নিউটাউনের লস্করহাটি ব্রিজে দুটি বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১০:৩৫

ফের পথ দুর্ঘটনা। শুক্রবার গভীর রাতে নিউটাউনের লস্করহাটি ব্রিজে ভয়াবহ বাইক দুর্ঘটনা। দুটি বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর। ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কীভাবে বাইক দুটির মধ্যে সংঘর্ষ হল, তা পুলিশ খতিয়ে দেখছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মেকাইল মোল্লা। বয়স প্রায় ৫০ বছর। তিনি রাজারহাটের মাছিভাঙা এলাকার বাসিন্দা ছিলেন। নিউটাউনের একটি তথ্যপ্রযুক্তি ভবনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন।

শুক্রবার রাতে ডিউটি শেষ করে মেকাইল বাইকে বাড়ি ফিরছিলেন। লস্করহাটি ব্রিজের উপর ওঠার সময় পিছন দিক থেকে আসা একটি বাইক তাঁর বাইকে ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ওই বাইকে দু’জন ছিলেন। সংঘর্ষের জেরে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইকও রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মেকাইল মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন। আহত দু’জনের চিকিৎসা চলছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। গুরুত্বপূর্ণ এই রাস্তায় ফের দুর্ঘটনা ঘটায় পথ নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।


Share