Rathindra Basu

বিধানসভায় কর্মসূচির পরই বুকে ব্যথা, বাইপাসের হাসপাতালে ভর্তি স্পিকার রথীন্দ্র বসু

শুক্রবার রাতে আচমকা বুকে ব্যথা অনুভব করায় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১০:০১

হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। শুক্রবার রাতে আচমকা বুকে ব্যথা অনুভব করায় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিধানসভায় গান্ধী জয়ন্তী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রথীন্দ্র। দিনভর একাধিক কর্মসূচিতেও অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর আচমকা বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেন। এরপর পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হয়। বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসার পর তাঁর অবস্থার উন্নতি হয়েছে। আপাতত চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে বিধানসভার স্পিকারকে।

চলতি বছরের ১৫ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার নির্বাচিত হন রথীন্দ্র বসু। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র প্রথমবার বিধানসভা নির্বাচনে জয়ী হন। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রথীন্দ্র দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সঙ্গে যুক্ত ছিলেন। পরে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন তিনি।


Share