Durga Puja

ভীড় সামাল দিতে পর্যাপ্ত বাহিনীর রয়েছে অভাব, আগামী ৮ অক্টোবর থেকে রাজ‍্য পুলিশের কর্মীদের ছুটি বাতিল করল ভবানী ভবন

দুর্গাপুজোর আগে বাহিনীর ছুটি বাতিল করল ভবানী ভবন। ৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত পুলিশকর্মী ও আধিকারিকদের ছুটি বন্ধ থাকবে। উৎসবের মরশুমে ভিড় নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা সামলাতেই এই সিদ্ধান্ত।

প্রতিনিধিত্বমূলক চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ০৮:২৭

চলতি মাসেই দুর্গাপুজো। ভীড় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে বাহিনীর ছুটি বাতিল করল ভবানী ভবন। আগামী ৮ অক্টোবর থেকে সমস্ত স্তরের পুলিশ কর্মীদের থেকে আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। কলকাতা পুলিশের ক্ষেত্রেও আগামী ৮ অক্টোবর থেকেই সমস্ত ছুটি বাতিল করা হয়েছে।

শুক্রবার রাজ্য পুলিশের ডিজি (আইনশৃঙ্খলা) অজয়মুকুন্দ রানাডে নির্দেশিকা জারি করে বাহিনীকে বিষয়টি জানিয়ে দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৮ অক্টোবর থেকে সমস্ত ছুটি বাতিল। আগামী ১ মাস ১৩ দিন বাহিনীর কেউ ছুটি নিতে পারবে না। এরই মাঝে দুর্গাপুজো, লক্ষ্ণীপুজো, কালীপুজো এবং ছটপুজো রয়েছে। উৎসবের মরশুমে ভীড় নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী ৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত বাহিনীর কেউ ছুটির আবেদন করলে তা গ্রহণ করা হবে না। তবে আপৎকালীন পরিস্থিতি বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কেউ ছুটি চাইতেই পারেন। এই সংক্রান্ত কিছু ছাড়া অন‍্য কোনও কারণে ছুটি গ্রহণ করবে না ভবানী ভবন। 

অন‍্য দিকে, বাহিনীর যদি কেউ ছুটি নিয়ে থাকেন তাঁদের আগামী ৮ অক্টোবরের মধ্যে ফিরে আসতে হবে। কেউ যদি ছুটি চায় তা হলেও ৮ অক্টোবরের মধ্যে বাহিনীতে পুনরায় যোগ দিতে হবে। আগামী ২০ নভেম্বরের পরে ছুটির আবেদন বিবেচনা করা হবে। লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের ক্ষেত্রেও আগামী ৮ অক্টোবর থেকে বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে।

মহালয়ার পর থেকেই রাস্তা, ট্রেন-বাসে ভিড় বাড়তে শুরু করে। দুর্গাপুজো, কালীপুজো এবং ছটপুজোতে ভীড় সামল দেওয়ার জন‍্য পর্যাপ্ত বাহিনী বর্তমানে নেই। তাই রোটেশন পদ্ধতি মেনে এই বাহিনী দিয়েই আপাতত সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করাই সরকারের একমাত্র লক্ষ্য। নতুন সরকার আসার পরে বাহিনীকে ঢেলে সাজানোর অঙ্গীকার নিয়েছে। নতুন নিয়োগ হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। যতক্ষণ না নতুন নিয়োগ হচ্ছে ততক্ষণ এই চাপ অব্যাহত থাকবে বলে মনে করছে বিশিষ্ট মহল।


Share