Explosive Sized

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের গুদাম থেকে ১২টি তাজা বোমা, উদ্ধার করে নিয়ে গেল পুলিশ

বিজেপির অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় না এলে ওই বোমাগুলি বিরোধীদের উপর হামলার কাজে ব্যবহার করা হত।

তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার বোমা
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ০৩:৩৯

প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অফিসের গুদাম থেকে উদ্ধার হল ১২টি তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে উত্তর হাওড়ার ঘুষুড়ির ১ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। গুদামটি প্রাক্তন কাউন্সিলর সাবিত্রী দেবীর অফিসের বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি ওই তৃণমূল কার্যালয় থেকে কয়েক হাজার বালতি উদ্ধার হয়েছিল। অভিযোগ, সেগুলির মধ্যে একটি বালতির ভিতরে ১২টি বোমা রাখা ছিল। বিষয়টি নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়।

খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। উদ্ধার হওয়া বোমাগুলি ইতিমধ্যেই নিষ্ক্রিয় করা হয়েছে। কীভাবে ওই গুদামের ভিতরে বোমাগুলি এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাস্থলে স্থানীয় বিজেপি নেতৃত্বও পৌঁছোয়। বিজেপির অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় না এলে ওই বোমাগুলি বিরোধীদের উপর হামলার কাজে ব্যবহার করা হত। স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা গুদামে গিয়ে বালতিগুলি উদ্ধারের সময়ই বোমা থাকার বিষয়টি সামনে আসে বলে দাবি।

তবে গুদামের ভিতরে এতগুলি তাজা বোমা কীভাবে এল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলর সাবিত্রী দেবী বা স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।


Share