Weather Update

পুজোর আগে ফের অস্বস্তি বাড়াবে জলীয়বাষ্প, উপকূলের জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা

জলীয়বাষ্পের কারণে বাড়বে অস্বস্তি। কলকাতাতেও দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।

শহরে দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১০:০৭

দুর্গাপুজোর আগে শনিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণ কম থাকলেও জলীয়বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রাতেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।

এদিকে বিহার ও ঝাড়খণ্ডে আগামী ২৪ ঘণ্টায় বর্ষা বিদায়ের পর্ব শুরু হতে পারে। বাংলায় বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। বিহার, সংলগ্ন উত্তরপ্রদেশ এবং অসমে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

কলকাতায় শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে আকাশ আরও মেঘলা হতে পারে। দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

রবিবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনাও ধীরে ধীরে কমবে। তবে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯৬ শতাংশ।


Share