Murder Case

নেশার টাকা চেয়ে মায়ের সঙ্গে বচসা, গলা টিপে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

দার্জিলিঙের মাটিগাড়া থানার ঝাউগিরি এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত মহিলার নাম সীতা ভুঁইয়া (৪৫)। ঘটনায় অভিযুক্ত ছেলে করণ ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং
  • শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১১:২৭

নেশা করার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিলেন ছেলে। টাকা না দেওয়ায় বচসা শুরু হয়। অভিযোগ, সেই বিবাদই শেষ পর্যন্ত ভয়াবহ আকার নেয়। মাকে গলা টিপে খুনের অভিযোগ উঠেছে ১৮ বছরের ছেলের বিরুদ্ধে। অভিযুক্তের নাম করণ ভুঁইয়া। ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। দার্জিলিঙের মাটিগাড়া থানার ঝাউগিরি এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত মহিলার নাম সীতা ভুঁইয়া (৪৫)।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় করণ বাড়ি ফেরেন। এরপর মায়ের কাছে ফের নেশা করার জন্য তিনি টাকা চান। টাকা দেওয়া নিয়ে মা-ছেলের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসার মধ্যেই করণ তাঁর ভাইয়ের হাত-পা বেঁধে দেন। এরপর মায়ের গলা টিপে ধরেন। শ্বাসরোধ করেই মাকে খুন করা হয় বলে অভিযোগ। 

কোনও ভাবে নিজেকে ছাড়িয়ে নেন করণের ভাই। এরপর বাড়ির বাইরে বেরিয়ে প্রতিবেশীদের ডাকেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ। বাড়ি থেকেই করণকে গ্রেফতার করা হয়।

পুলিশ সীতার দেহ উদ্ধার করে শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এ বিষয়ে এসিপি অনির্বাণ মজুমদার জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব নয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।


Share