Unauthorised Loan

কৃষি সমবায় সমিতি থেকে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ প্রাক্তন পরিবহণমন্ত্রীর বিরুদ্ধে, তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ কমিশন

হুগলির জাঙ্গিপাড়ার কৃষি সমবায় সমিতি থেকে কৃষক না হয়েও প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এক কোটি টাকা ঋণ নিয়েছেন বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ কমিশন।

প্রাক্তন বিধায়ক স্নেহাশিষ চক্রবর্তী
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ০৭:০১

তিনি কৃষক নন। তা-ও প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী ঋণ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। খবর সামনে আসতেই রাজ‍্য সরকার গঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ কমিশন তদন্ত শুরু করেছে। 

হুগলির জাঙ্গিপাড়ায় সিংটি গুটি আতড়া বিলাসপুর কৃষি সমবায় সমিতির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। স্নেহাশিষ চক্রবর্তী জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক‍্যাবিনেটে পরিবহণমন্ত্রী ছিলেন। যে সমবায় সমিতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সেই সমিতির চেয়ারম্যান ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পদে থাকাকালীন সমবায় সমিতি থেকে এক কোটি টাকা ঋণ নিয়েছেন। তার জন‍্য প্রভাব খাটিয়েছেন।

গতকাল জাঙ্গিপাড়া থানা এলাকায় অবস্থিত ওই সমবায় সমিতিতর দফতরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ কমিশনের আধিকারিকরা অভিযান চালান। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়। প্রাক্তন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশন মনে করছে, স্নেহাশিষ কৃষক নন। সমবায়ের নিয়ম অনুযায়ী, কৃষক এবং নির্দিষ্ট কয়েকটি গ্রামের বাসিন্দারাই এই ঋণ পাওয়ার যোগ্য। তা হলে টাকা ঋণের টাকা কীভাবে মঞ্জুর করা হল, কে ফাইলে অনুমোদন দিল তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছে কমিশন। 

উল্লেখ্য, এর আগে কৃষক না হয়েও কৃষি-সমবায়ে ঋণের জন্য আবেদনে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে মমতার হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছেন। স্নেহাশিস চক্রবর্তী  বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা স্নেহাশিষ চক্রবর্তীর গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলেন কুনাল ঘোষ। 

রাজ্যে পালাবদলের পর সরকারের আমলে সংঘটিত হওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তের জন‍্য কমিশন তৈরি করেছে নতুন সরকার। সেই সরকারের চেয়ারম্যান হিসেবে রয়েছেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। এ বার সেই কমিটি সমবায় সমিতির আর্থিক তছরুপ নিয়ে তদন্ত শুরু করল।


Share