Train Disruption

রেললাইনের মাঝে বালিবোঝাই লরি বসে বিপত্তি, বর্ধমান কর্ড লাইনে দেড় ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ক্রেন দিয়ে লরিটি সরানোর পর পৌনে ১২টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়।

নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩০

হাজিপুর রেলগেটে বালিবোঝাই লরি আটকে যাওয়ায় প্রায় দেড় ঘণ্টা ব্যাহত হল হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ট্রেন চলাচল। আপ ও ডাউন দু’দিকের লাইনেই ট্রেন দাঁড়িয়ে পড়ে। পরে বিকল্প লাইন দিয়ে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়।

রবিবার সকালে ঘটনাটি ঘটে হাজিপুর স্টেশনের রেলগেটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালিবোঝাই একটি লরি রেলগেট পার হওয়ার সময় আচমকাই লাইনের মাঝে বসে যায়। চালক লরিটি সরানোর চেষ্টা করলেও সফল হননি। ফলে রেললাইনের উপরেই আটকে থাকে গাড়িটি।

লরি আটকে পড়ায় প্রথমে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একাধিক ট্রেন লাইনে দাঁড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে রেলের তরফে বিকল্প লাইনে ট্রেন চালানোর চেষ্টা করা হয়। একইসঙ্গে দ্রুত লরিটি সরানোর কাজ শুরু করেন রেলকর্মী ও পুলিশকর্মীরা।

খবর পেয়ে রেলপুলিশ রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পরিস্থিতি খতিয়ে দেখে লরিটি সরানোর জন্য ক্রেন আনা হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত রেললাইন থেকে সরানো সম্ভব হয় বালিবোঝাই লরিটিকে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, লাইনের মাঝে ব্রেকডাউন হয়ে যাওয়ায় লরিটি আটকে পড়েছিল। সেটি সামনে বা পিছনে কোনও দিকেই সরানো যাচ্ছিল না। এর জেরে তিনটি লাইনেই সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। পৌনে ১২টা নাগাদ লরিটি সরানো সম্ভব হয়। এরপর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


Share