Durga Puja

মহালয়ার সন্ধ্যায় ইডেনে ৩ হাজার ড্রোনে ফুটে উঠবে দুর্গার আগমন! প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা

শনিবার বিধাননগরের পূর্বশ্রী প্রেক্ষাগৃহে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ০৮:৩৯

মহালয়ার দিনই রাজ্যে শুরু হবে দুর্গাপুজোর আবহ। এ বার ইডেন গার্ডেন্সে মহালয়া উপলক্ষে বড়সড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। শুধু গান-বাজনা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকসংস্কৃতির নানা ধারাও তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। তবে  মহালয়ার মূল আকর্ষণ হতে চলেছে বিশেষ ড্রোন শো।

শনিবার বিধাননগরের পূর্বশ্রী প্রেক্ষাগৃহে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, মহালয়ার দিন তিন হাজার ড্রোনের মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলা হবে মা দুর্গার আগমনের দৃশ্য।

ইডেন জুড়ে থাকবে ঢাকের বাদ্যি, শাঁখ এবং নাচের অনুষ্ঠান। সূত্রের খবর, পাঁচ হাজার ঢাঁকির আয়োজন করা হয়েছে। পাশাপাশি ছৌ নৃত্য-সহ বাংলার বিভিন্ন লোকসংস্কৃতির পরিবেশনা থাকবে। দার্জিলিং থেকে পুরুলিয়া রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকশিল্পী ও লোকগানের শিল্পীদের অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর কথায় এটি কোনও কার্নিভাল নয়। মহালয়ার দিন আগমনী অনুষ্ঠানের মাধ্যমে মা দুর্গাকে বরণ করাই সরকারের মূল লক্ষ্য রয়েছে।

তবে মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা ছিল। সেখানে প্রায় দেড় ঘণ্টার অনুষ্ঠানে থাকার কথা ছিল। কিন্তু তিনি আদৌ সেই অনুষ্ঠানে যোগ দেবেন কি না তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রের খবর, দুর্গাষষ্ঠীর দিন তিনি রাজ‍্যে আসতে পারেন। যদিও তা নিয়ে জল্পনা রয়েছে।


Share