Blast

তিরুপতির ওষুধ কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণ, মৃত পাঁচ, গুরুতর জখম ১০

ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

অন্ধ্রপ্রদেশের এক ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।
নিজস্ব সংবাদদাতা, অন্ধ্রপ্রদেশ
  • শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১২:৩৭

অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রী সিটি শিল্পাঞ্চলের একটি ওষুধ কারখানায় শনিবার সকালে ভয়াবহ বয়লার বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে পাঁচ জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল আটটা নাগাদ কারখানায় ওষুধ তৈরির কাজ চলছিল। সেই সময় বয়লার ইউনিটে আচমকাই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে কারখানার একাংশে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার একটি অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনাস্থলে তখন নাইট শিফটের বেশ কয়েক জন কর্মী ছিলেন।

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েক জন কর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা পাঁচ জনকে মৃত ঘোষণা করেন। আহত ১০ জনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে চার জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ধ্বংসস্তূপের নীচে আরও কর্মী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিস্ফোরণের সময় কারখানার ভিতরে মোট কত জন কর্মী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ফলে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে পুলিশ। পাশাপাশি মৃতদের পরিচয় জানারও চেষ্টা চলছে।

ঠিক কী কারণে বয়লারটি বিস্ফোরিত হল, তা এখনও জানা যায়নি। অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ, নাকি বয়লারের কোনও প্রযুক্তিগত ত্রুটি—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার কারণ জানতে কারখানার সংশ্লিষ্ট আধিকারিক এবং কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Share