Mob Lynching

গরুচোর সন্দেহে গণপিটুনি, মাটিগাড়ায় মৃত্যু যুবকের! জখম আরও এক , গ্রেফতার চারজন

গরুচোর সন্দেহে দুই যুবককে ধরে গণপিটুনির অভিযোগ। শিলিগুড়ির মাটিগাড়ায় ঘটনার পর দুটি গাড়িতে ভাঙচুর ও আগুন ধরানোর অভিযোগ।

ভাঙচুর করা হয়েছে গাড়ি
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ০২:৪৭

গরুচোর সন্দেহে দুই যুবককে ধরে গণপিটুনির অভিযোগ। ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও এক জন। শিলিগুড়ির মাটিগাড়া থানার তারাবাড়ি এলাকায় বালাসন নদীর ধারে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভাঙচুরের পর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে কয়েকজন অপরিচিত যুবককে বালাসন নদীর ধারে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁদের সঙ্গে দুটি গাড়ি ছিল। ভোরে ওই সময় অপরিচিত যুবকদের গাড়ি নিয়ে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। গরুচোর সন্দেহে তাঁদের পিছনে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করেন। সেই সময় দু’জনকে তাঁরা ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে। দুটি গাড়িও আটক করা হয়।

এরপরই আটক দুই যুবককে মারধর শুরু হয় বলে অভিযোগ। গণপিটুনিতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। অন্য যুবক গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পরে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে থাকা দুটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরে গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর শনিবার সকাল থেকেই এলাকায় ধরপাকড় শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় বেশ কিছুদিন ধরেই গরু চুরির ঘটনা ঘটছে। পরপর এমন ঘটনায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছিল। সেই পরিস্থিতিতে শনিবার ভোরে কয়েকজন অপরিচিত যুবককে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ তৈরি হয়। এরপরই তাঁদের ধাওয়া করে দু’জনকে আটক করা হয়। যদিও ঘটনার নেপথ্যে আসলে কী ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।


Share