Withdrawal of Monsoon

বিহার থেকে বর্ষার বিদায় পর্ব শেষ হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হয়নি, আগামী ২৪ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা জারি করে জানল আবহাওয়া দফতর

আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানান, শুক্রবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সামান্য সম্ভাবনা বাড়বে। তবে উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং-সহ ওপরের দিকের পাঁচটি জেলায় আজ এবং কাল মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ০৭:১৭

আগামী ২৪ ঘণ্টায় বিহার এবং ঝাড়খণ্ড থেকে বর্ষার বিদায় পর্ব শুর হবে। কিন্তু পশ্চিমবঙ্গে মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর আধিক্য রয়েছে। তাই এখনই বৃষ্টি থেকে রেহাই মিলবে না। শুক্রবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বজ্রপাত থেকে মানুষকে সাবধান থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

চলতি মাসেই দুর্গাপুজো। আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। তার আগে বৃষ্টির ভ্রুকুটি থেকে রেহাই মিলবে না। আবহাওয়াবিদরা মনে করছেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে আগামী ২৪ ঘন্টার মধ্যে বিহার এবং ঝাড়খণ্ড থেকে বর্ষার বিদায়পর্ব শুরু হবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন কোনও পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে বলা যেতে পারে, পুজোর আগেই বর্ষা বিদায়পর্ব শুরু হবে। তাঁদের মতে, এখনও পর্যন্ত রাজ‍্যের বাতাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিরাজ করছে। মৌসুমী অক্ষরেখা যথেষ্ট সক্রিয় রয়েছে। দুর্বল হয়েছে সেটাও স্পষ্ট করে বলতে পারছেন না তাঁরা।

তাঁদের আরও বক্তব্য, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সমুদ্রের দিক থেকে জলীয় বাষ্প প্রবেশ অব্যাহত রয়েছে। যতক্ষণ না উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর আধিক্য শুরু হবে, ততক্ষণ বর্ষার বিদায়পর্ব শুরু হবে না বলেই আবহাওয়াবিদেরা মনে করছেন। শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত কম থাকবে। কোনও কোনও জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাপমাত্রার বড়সড়ো কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

শুক্রবার আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানান, শুক্রবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সামান্য সম্ভাবনা বাড়বে। তবে উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং-সহ ওপরের দিকের পাঁচটি জেলায় আজ এবং কাল মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামী সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে।

শুক্রবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতায় আঞ্চলিক মেঘে বৃষ্টি হতে পারে। আগামীকাল সম্পূর্ণ আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে শহরের কিছু জায়গায়। আগামীকাল, শনিবার থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে।


Share