Accident

চোখের সামনে জলে তলিয়ে গেলেন স্ত্রী! সন্তানকে বাঁচিয়ে পাড়ে ফিরলেন বাবা, ঘাগরায় নিখোঁজ মা

কোনও রকমে সন্তানকে পাড়ে তুলতে পারলেও স্ত্রীকে উদ্ধার করতে পারেননি তিনি। তীব্র জলের স্রোতে ভেসে যান ওই মহিলা। শনিবারের এই ঘটনায় এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি।

ঘাগরা জলপ্রপাতে তলিয়ে যান মা
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ০৭:৫৪

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে দুর্ঘটনা ঝাড়গ্রামের বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাতে। সাত বছরের সন্তানকে বাঁচাতে জলে ঝাঁপ দিয়েছিলেন মা। পরে সন্তানকে উদ্ধার করতে জলে নামেন বাবা। কোনও রকমে সন্তানকে পাড়ে তুলতে পারলেও স্ত্রীকে উদ্ধার করতে পারেননি তিনি। তীব্র জলের স্রোতে ভেসে যান ওই মহিলা। শনিবারের এই ঘটনায় এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতা থেকে প্রায় ৩৬ জনের একটি পর্যটক দল ঝাড়গ্রামে বেড়াতে এসেছিল। জেলার বিভিন্ন হোটেলে ছিলেন তাঁরা। শনিবার দুপুর ১২টা নাগাদ ওই দলের সদস্যরা বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাত দেখতে যান। দলে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা রাজদীপ দত্ত, তাঁর স্ত্রী প্রীতি দত্ত এবং তাঁদের সাত বছরের সন্তান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, জলপ্রপাতের কাছে ছবি তুলছিলেন রাজদীপ ও প্রীতি। সেই সময় আচমকা পা ফস্কে তাঁদের সাত বছরের সন্তান জলে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন প্রীতি। স্ত্রীকে অনুসরণ করে জলে নামেন রাজদীপও। কিন্তু তিনি সাঁতার জানতেন না। কোনও রকমে সন্তানকে ধরে পাড়ে তুলে আনতে সক্ষম হলেও স্ত্রীকে উদ্ধার করতে পারেননি তিনি। মুহূর্তের মধ্যে প্রবল জলের স্রোতে ভেসে যান প্রীতি।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় বেলপাহাড়ি থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত প্রীতির কোনও সন্ধান মেলেনি।

ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার মানব সিংলা বলেন, ‘‘ঘাগরা জলপ্রপাতে একটি দুর্ঘটনা হয়েছে। সন্তানকে উদ্ধার করা গেলেও তার মাকে উদ্ধার করা যায়নি। তাঁর খোঁজ চলছে।’’


Share