Railway Update

পুজোয় বাড়ি ফেরা থেকে বেড়ানো যাত্রীদের স্বস্তি, ১৯ জোড়া স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

পাশাপাশি, নিয়মিত কয়েকটি ট্রেনেও কোচের সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে উৎসবের সময়ে বাড়ি ফেরার পাশাপাশি বেড়াতে যাওয়া যাত্রীদের জন্যও অতিরিক্ত আসনের ব্যবস্থা করা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১০:১৯

পুজোর মরসুমে বাড়তি যাত্রীচাপ সামলাতে ১৯ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজোকে কেন্দ্র করে এই ট্রেনগুলির মোট ৩৪৪টি ট্রিপ হবে। পাশাপাশি, নিয়মিত কয়েকটি ট্রেনেও কোচের সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে উৎসবের সময়ে বাড়ি ফেরার পাশাপাশি বেড়াতে যাওয়া যাত্রীদের জন্যও অতিরিক্ত আসনের ব্যবস্থা করা হচ্ছে।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শালিমার থেকে চরলাপল্লি, বিশাখাপত্তনম ও খুরদা রোডের জন্য স্পেশাল ট্রেন চলবে। সাঁতরাগাছি থেকে আজমের, নাহারলাগুন, পুরী ও তিরুঅনন্তপুরমের জন্যও বিশেষ পরিষেবা চালু থাকবে। এ ছাড়াও, রাঁচি থেকে আজমের, আনন্দবিহার ও আলিপুরদুয়ার এবং হাতিয়া থেকে বেঙ্গালুরু ও মুম্বইয়ের জন্য চলবে স্পেশাল ট্রেন। সাঁতরাগাছি-দিঘা, মালদহ টাউন-দিঘা, মুম্বই-সাঁতরাগাছি, লখনউ-আদ্রা এবং রাঁচি-শালিমার রুটেও বিশেষ ট্রেন চালানো হবে।

গত বছর উৎসবের মরসুমে ১৯ জোড়া স্পেশাল ট্রেন চালিয়েছিল দক্ষিণ-পূর্ব রেল। সেই সময় মোট ৩৫৬টি ট্রিপ হয়েছিল। পরে ওই পরিষেবাগুলির মধ্যে আট জোড়া ট্রেনকে স্থায়ী পরিষেবায় পরিণত করা হয়। এ বারও যাত্রীচাপের কথা মাথায় রেখে নিয়মিত ট্রেনগুলিতে স্থায়ী ভাবে ৩০টি অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে।

রেল কর্তৃপক্ষের দাবি, পুজোর সময়ে দূরপাল্লার ট্রেনে যাত্রীচাপ উল্লেখযোগ্য ভাবে বাড়ে। সেই চাপ সামাল দিতেই স্পেশাল ট্রেনের পাশাপাশি নিয়মিত ট্রেনগুলিতে অতিরিক্ত কোচের ব্যবস্থা করা হয়েছে। ফলে উৎসবের মরসুমে দূরপাল্লার ট্রেনে বাড়তি আসন পাওয়া যাবে।


Share