Drowning

মহালয়ায় তর্পণ করতে গিয়ে বিপত্তি, হুগলি নদীতে তলিয়ে গেলেন দুই তরুণ, চলছে তল্লাশি

দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির রায়পুর নিত্যার মাঠ এলাকার ঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ চয়ন সামন্ত ও সাওন হালদারের খোঁজে পুলিশ ও এনডিআরএফের তল্লাশি অভিযান চলছে।

চলছে তল্লাশি
নিজস্ব সংবাদদাতা, নোদাখালি
  • শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ০৪:২৯

মহালয়ার সকালে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে হুগলি নদীতে তলিয়ে গেলেন দুই তরুণ। তাঁদের নাম চয়ন সামন্ত ও সাওন হালদার। দু’জনেরই বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। খবর পেয়েই পুলিশ ও এনডিআরএফ ঘটনাস্থলে পৌঁছোয়। নিখোঁজ দুই যুবকের খোঁজে অভিযান তল্লাশি শুরু হয়েছে।

মহালয়া উপলক্ষে শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন নদী ও জলাশয়ের ঘাটে সাধারণ মানুষ তর্পণ করতে ভিড় জমান সাধারণ মানুষ। নোদাখালি থানার রায়পুর নিত্যার মাঠ এলাকার হুগলি নদীর ঘাটেও তর্পণ চলছিল। নিরাপত্তার জন্য সেখানে নজরদারির ব্যবস্থাও ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের বিবিরহাট এলাকা থেকে তিন বন্ধু তর্পণ করতে ওই ঘাটে গিয়েছিলেন। সেই সময় তাঁরা গঙ্গার জলে নামেন। কিন্তু নদীতে ভাটা চলায় প্রবল স্রোতের টানে তলিয়ে যান চয়ন ও সাওন। ঘাটে উপস্থিত লোকজন তাঁদের বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত দুই তরুণের কাছে পৌঁছোনো সম্ভব হয়নি। চোখের সামনেই তাঁরা জলে হারিয়ে যান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও এনডিআরএফের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু হয়। নিখোঁজ দুই যুবকের খোঁজে ডুবুরিও নামানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাঁরা নদীর স্রোতে ভেসে দূরে চলে গিয়েছেন। দুই তরুণ সাঁতার জানতেন না বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে।

এদিকে, দুই বন্ধুর নিখোঁজ হওয়ার খবর বাড়িতে পৌঁছোতেই শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। মহালয়ার সকালে এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।


Share