Metro Railway

চিংড়িঘাটার জট কাটতেই অরেঞ্জ লাইনে মেট্রো, মহালয়ায় বেলেঘাটা-আইটি সেন্টার রুটে সফল ট্রায়াল রান! কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত পরিষেবা শুরুর অপেক্ষায় কলকাতাবাসী

চিংড়িঘাটা মোড়ে কাজের জটিলতায় দীর্ঘদিন ধরে থমকে ছিল মেট্রোপথের সম্প্রসারণের কাজ। তবে রাজ্যে পালাবদলের পর সেই জট কাটে। গতি আসে নির্মাণকাজে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১১:১৪

কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনে কবে ছুটবে মেট্রো? কলকাতাবাসীর দীর্ঘদিনের এই প্রশ্নের উত্তর পাওয়ার আশা আরও জোরালো হল। চিংড়িঘাটা মোড়ে কাজের জটিলতায় দীর্ঘদিন ধরে থমকে ছিল মেট্রোপথের সম্প্রসারণের কাজ। তবে রাজ্যে পালাবদলের পর সেই জট কাটে। গতি আসে নির্মাণকাজে। এ বার বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে শুরু হল মেট্রোর পরীক্ষামূলক দৌড়।

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, শনিবার মহালয়ার দিন বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত পরীক্ষামূলক ভাবে মেট্রো চালায় নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। এই প্রথম ওই অংশে ট্রায়াল রান হল। মেট্রো সূত্রে জানা গিয়েছে, সফল ভাবেই সম্পন্ন হয়েছে পরীক্ষা। পরবর্তী ধাপে ওই পথে ‘কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল’ (সিবিটিসি) ব্যবস্থার পরীক্ষা শুরু হবে। তার পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হলে পরিষেবা চালুর পথে আরও এক ধাপ এগোবে অরেঞ্জ লাইন।

উল্লেখ্য, গত বছরের অগস্টে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথ বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল। বাইপাসের মেট্রোপলিটন মোড়ের আগে বেলেঘাটা স্টেশন চালু হলেও, পরবর্তী অংশের কাজ দীর্ঘদিন আটকে ছিল। চিংড়িঘাটা মোড়ে নির্মাণকাজের জন্য যান চলাচল নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ঘিরে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের একাধিক বার মতবিরোধ তৈরি হয়। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

রাজ্যে পালাবদলের পর চিংড়িঘাটা অংশের কাজের জটিলতা কাটে। তার পর দ্রুতগতিতে এগোয় নির্মাণকাজ। এ বার বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত সফল ট্রায়াল রান নতুন করে আশার আলো দেখাচ্ছে। মেট্রো সূত্রে খবর, প্রয়োজনীয় পরীক্ষা ও অন্যান্য প্রক্রিয়া শেষ হলে শীঘ্রই ওই অংশে পরিষেবা চালুর বিষয়ে পদক্ষেপ করা হতে পারে।


Share