Drone Spectacle

মহালয়ার সন্ধ্যায় কলকাতার আকাশে আলোর জাদু! ড্রোনে ফুটে উঠল মহাদেব, মহিষাসুরমর্দিনী

মহালয়ার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে প্রায় ৩ হাজার ড্রোনের আলো ও লেজার শোয়ে ফুটে উঠল মহাদেব, ত্রিশূল ও মহিষাসুরমর্দিনী দুর্গার রূপ। মুগ্ধ হাজার হাজার দর্শক।

শহরের আকাশে লেজার শো।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১০:১৪

দেবীপক্ষের সূচনাকে বিশেষভাবে উদ্‌যাপন করতে কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয় এক মেগা উৎসবের। বিকেল গড়াতেই রেড রোড থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রাস্তার দু’ধারে ভিড় জমান অসংখ্য মানুষ। বাংলার ২৩টি জেলার লোকশিল্পীরা নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন এই শোভাযাত্রায়। ছৌ নাচ, বাউল গান এবং ভাওয়াইয়া সঙ্গীতের পরিবেশনা উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

এর পর বিকেল সাড়ে ৫টা নাগাদ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে শুরু হয় মূল অনুষ্ঠান। গ্যালারিতে উপস্থিত প্রায় ৪০ হাজার দর্শকের করতালিতে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। অনুষ্ঠানের শুরুতে সবুজ মাঠে তৈরি হয় আধ্যাত্মিক পরিবেশ। হাজার হাজার ঢাকির একযোগে ঢাক বাজানো, শঙ্খধ্বনি এবং হাজার মহিলার উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

তবে সন্ধ্যার মূল আকর্ষণ ছিল রাতের আকাশে ড্রোন ও লেজ়ারের প্রদর্শনী। প্রশাসনের তথ্য অনুযায়ী, কলকাতায় এর আগে এত বড় মাপের ড্রোন শো দেখা যায়নি। ড্রোনের নিখুঁত আলোর বিন্যাসে আকাশে ফুটে ওঠে মহাদেবের ত্রিশূল, জলে ভাসমান পদ্মফুল এবং ত্রিনয়নী দেবী দুর্গার রূপ। পরে সিংহবাহিনী দুর্গার মহিষাসুর বধের দৃশ্যও ফুটে ওঠে আকাশে।

ইডেনের গ্যালারি ছাড়াও রেড রোডের দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ এই প্রদর্শনী উপভোগ করেন। লোকসংস্কৃতি, আধ্যাত্মিক আবহ এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে মহালয়ার সন্ধ্যায় এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকল কলকাতা।


Share