Anti Corruption

৩২ লক্ষের গয়না, নগদ টাকা উদ্ধার! আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে তল্লাশি, হদিস নেই বিহারের অতিরিক্ত জেলাশাসকের

আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে বিহারের অতিরিক্ত জেলাশাসক রাজেশ্বরী পাণ্ডের চারটি ঠিকানায় তল্লাশি চালাল স্পেশ্যাল ভিজিল্যান্স ইউনিট।

অভিযুক্তের নাম রাজেশ্বরী পাণ্ডে।
নিজস্ব সংবাদদাতা, পটনা
  • শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ০৭:০২

আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে বিহারের এক অতিরিক্ত জেলাশাসকের একাধিক ঠিকানায় তল্লাশি চালাল স্পেশ্যাল ভিজিল্যান্স ইউনিট (এসভিইউ)। আর সেই অভিযানের পর থেকেই খোঁজ মিলছে না গোপালগঞ্জের অতিরিক্ত জেলাশাসক রাজেশ্বরী পাণ্ডের। শুক্রবার পটনা, গোপালগঞ্জ ও রোহতাসে তাঁর চারটি ঠিকানায় একযোগে তল্লাশি চালান তদন্তকারীরা।

তল্লাশিতে রাজেশ্বরীর বাড়ি থেকে নগদ ১ লক্ষ ৮৫ হাজার টাকা, ৮.৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের নথি এবং বিভিন্ন বিনিয়োগ সংক্রান্ত কাগজপত্র উদ্ধার হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, প্রায় ৩২ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়নাও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

তদন্তকারী সূত্রের দাবি, রাজেশ্বরীর আয়ের তুলনায় ১৩৫ শতাংশ বেশি সম্পত্তির হদিস মিলেছে। কীভাবে এই বিপুল সম্পত্তি অর্জিত হয়েছে, তার উৎস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১০ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন রাজেশ্বরী।

এর আগে, গত বৃহস্পতিবার বিহারের এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতেও আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে তল্লাশি চালিয়েছিল ভিজিল্যান্স। ওই ঘটনায় ইঞ্জিনিয়ার নারদকুমার দাসকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বাড়িতে বিছানার নীচ থেকে ৫০০ টাকার নোটের একাধিক বান্ডিল উদ্ধার হয়।


Share