Data Smuggling

ফোন হারালে বিনামূল্যে খুঁজে দেওয়ার বিজ্ঞাপন! তদন্তে নেমে বড় তথ্য পাচারচক্রের হদিস, ধৃত দুই পুলিশকর্মী-সহ পাঁচ জন

ফোন হারানো খুঁজে দেওয়ার বিজ্ঞাপনের আড়ালে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য পাচারের চক্রের হদিস মুম্বই পুলিশের। ৫২০-র বেশি এসডিআর, সিডিআর ও লোকেশন তথ্য উদ্ধারের ঘটনায় দুই পুলিশকর্মী-সহ পাঁচ জন গ্রেফতার।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ০৬:২১

ফোন হারিয়ে গেলে বিনামূল্যে খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনের সূত্র ধরেই গ্রাহকদের ব্যক্তিগত তথ্য পাচারের বড় চক্রের হদিস পেল মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। তদন্তে উঠে এসেছে, গ্রাহকদের ফোনের কল ডিটেল রেকর্ড (সিডিআর), সাবস্ক্রাইবার ডিটেল রেকর্ড (এসডিআর) এবং মোবাইলের অবস্থান-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হত। এই ঘটনায় দুই পুলিশ কনস্টেবল-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মুম্বইয়ের অপরাধদমন শাখার আধিকারিকদের নজরে আসে একটি বিজ্ঞাপন। তাতে লেখা ছিল, ‘ফোন হারিয়ে গিয়েছে? চিন্তা করবেন না, আমরা খুঁজে দেব। একবারে বিনামূল্যে।’ বিজ্ঞাপনটি দেখে সন্দেহ হওয়ায় তদন্ত শুরু করেন আধিকারিকেরা। খোঁজ চালিয়ে বিজ্ঞাপনদাতাকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করতেই সামনে আসে তথ্য পাচারের এই চক্র।

অপরাধদমন শাখার ডেপুটি কমিশনার নভনাথ ধাবালে জানিয়েছেন, এক ব্যক্তি নিজেকে পুলিশ ইনস্পেক্টর সঞ্জয় বলে পরিচয় দিয়ে হারানো বা চুরি যাওয়া ফোন খুঁজে দেওয়ার দাবি করছিলেন। তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু হতেই চক্রের সন্ধান মেলে। তদন্তে ‘মিডলম্যান’ হানজালা মুবারক সৈয়দের নাম উঠে আসে। তাঁর মোবাইল ফোন পরীক্ষা করে পুলিশ জানতে পারে, মুম্বইয়ের পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ডেও এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে।

সৈয়দকে জেরা করে ওই দুই রাজ্যের দুই পুলিশকর্মীর হদিস পান তদন্তকারীরা। পিটিআই সূত্রে খবর, মোট ন’জনের একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন পাঁচ জন, যাঁদের মধ্যে দুই পুলিশ কনস্টেবল রয়েছেন।

প্রাথমিক তদন্তে ৫২০-র বেশি গ্রাহকের এসডিআর, প্রায় ৫০টি সিডিআর, ৫৫০টি অবস্থান-সংক্রান্ত রেকর্ড এবং ৪২০-র বেশি আইএমইআই-সংক্রান্ত তথ্য উদ্ধার হয়েছে। গ্রাহকরা কোথায় গিয়েছেন এবং কার সঙ্গে কথা বলেছেন, সেই সংবেদনশীল তথ্য সাইবার অপরাধীদের কাছে বিক্রি করা হত বলে অভিযোগ। চক্রের বাকি সদস্যদের খোঁজে একাধিক দল গঠন করে তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা।


Share