Road Accident

দাঁড়িয়ে থাকা ৪০৭ গাড়িতে ধাক্কা, রানাঘাটে পিছন থেকে আসা ক্রেনের চাকায় পিষে যুবকের মৃত্যু

রানাঘাটে দাঁড়িয়ে থাকা ৪০৭ পণ্যবাহী গাড়ির পিছনে বাইকের ধাক্কা। ছিটকে রাস্তায় পড়তেই পিছন থেকে আসা ক্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক যুবকের।

ঘটনাস্থলে পুলিশ
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট
  • শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১১:৪২

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৪০৭ পণ্যবাহী গাড়ির পিছনে সজোরে ধাক্কা বাইকের। ধাক্কার অভিঘাতে ছিটকে রাস্তায় পড়ে বাইক চালক। সেই সময় পিছন দিক থেকে আসা একটি ক্রেনের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। শনিবার নদিয়ার রানাঘাট থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৭ বছরের মধ্যে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রানাঘাটের একটি মূল সড়কের পাশে দাঁড় করানো ছিল ৪০৭ পণ্যবাহী গাড়িটি। সেই সময় একটি বাইক এসে গাড়িটির পিছনে ধাক্কা মারে। ধাক্কার জেরে যুবকটি বাইক থেকে ছিটকে রাস্তার মাঝখানে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসছিল একটি ক্রেন। যুবককে এড়াতে না পেরে ক্রেনটি তাঁর উপর দিয়ে চলে যায়।

দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনায় জড়িত গাড়িগুলি আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি মৃত যুবকের পরিচয় জানারও চেষ্টা চলছে।


Share