Murder

মাথায় গুলি মৃত্যুর আসল কারণ! দক্ষিণ ২৪ পরগনায় পৃথক ঘটনায় খুন,নেপথ্যে ত্রিকোণ প্রেম? কুলতলীতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন জন

ঝড়খালিতে গুলি করে খুন করা হল এক যুবককে।অন্য দিকে, কুলতলির মেরিগঞ্জে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা
  • শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ০৪:১৬

দক্ষিণ ২৪ পরগনায় পৃথক দুটি ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার তিন। কুলতলিতে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার। পাশাপাশি ঝড়খালিতে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার রাতে ঝড়খালির পার্বতীপুর এলাকায় বাইক নিয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এক যুবককে। নাম দেবকুমার গায়েন (২৫)। রক্তাক্ত অবস্থায় তাঁকে পুলিশ উদ্ধার করে। প্রথমে দুর্ঘটনা বলে মনে করা হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা জানান, তাঁর মাথায় গুলির আঘাত রয়েছে। এরপরই বিষয়টি খুনের ঘটনা বলে পুলিশ নিশ্চিত হয়। চিকিৎসকেরা দেবকুমারকে মৃত বলে ঘোষণা করেন।

সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কী কারণে এবং কারা দেবকুমারকে গুলি করে খুন করল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে প্রেমঘটিত সমস্যার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, এক তরুণীর সঙ্গে দেবকুমারের সম্পর্ক ছিল। ওই তরুণীর সঙ্গে অন্য এক যুবকের ঘনিষ্ঠতা নিয়ে তিন জনের মধ্যে বিবাদ চলছিল বলে খবর। সেই বিবাদের জেরেই খুন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সোমবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

অন্য দিকে, কুলতলিতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশে অভিযান চালায়। সেখান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মেরিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মমিন মণ্ডল, সাইদুল সর্দার এবং হাকিমুল ঘরামি নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সকলেই স্থানীয় বাসিন্দা।

তদন্তকারীদের দাবি, কুলতলিতে একাধিক অপরাধের ঘটনায় ওই তিন জনের নাম রয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এল এবং কী উদ্দেশ্যে সেগুলি রাখা হয়েছিল, তা জানার চেষ্টা চলছে। দুই পৃথক ঘটনার তদন্তই পুলিশের তরফে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।


Share