Mob Lynching

অন্যের জমিতে জল পড়া নিয়ে বচসা, পরিণতি মর্মান্তিক! প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার চারজন

মৃত আয়ুব শেখকে বাঁশ ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ, পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ০৬:৩১

দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা এলাকায় জল ফেলা নিয়ে বিবাদের জেরে এক প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। মৃতের নাম আয়ুব শেখ (৫১)। ঘটনায় ইতিমধ্যেই একই পরিবারের চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব চণ্ডীপুরের চকমৌখালি মোল্লা-সিপাইপাড়ার বাসিন্দা আয়ুব। তিনি পেশায় রাজমিস্ত্রি। অভিযোগ, প্রতিবেশীর জমিতে জল ফেলা নিয়ে তাঁর সঙ্গে স্থানীয় একটি পরিবারের বচসা শুরু হয়। ধীরে ধীরে সেই বিবাদ হাতাহাতির পর্যায়ে পৌঁছোয়।

অভিযোগ, সেই সময় সন্টু এবং তাঁর পরিবারের সদস্যরা বাঁশ ও লাঠি দিয়ে আয়ুবকে মারধর করতে শুরু করেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে নোদাখালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আয়ুবের পরিবারের অভিযোগের ভিত্তিতে সন্টু-সহ একই পরিবারের চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে শুধুমাত্র জমিতে জল ফেলা নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share