Cartridges Recovered

জয়নগরে পুলিশের অভিযানে গ্রেফতার এক, উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড কার্তুজ

ধৃতের কাছ থেকে প্রথমে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও দু'রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও দুটি আগ্নেয়াস্ত্রের হদিস পায় পুলিশ।

তিনটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে
নিজস্ব সংবাদদাতা, জয়নগর
  • শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১১:১৭

তিনটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড তাজা কার্তুজ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। এই ঘটনায় আব্দুল গফ্ফর মোল্লা নামে এক ব্যক্তিকে জয়নগর থানার পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের দাবি, ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই আরও দুটি আগ্নেয়াস্ত্রের হদিস মেলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানার এসআই শান্তনু ব্যাধের নেতৃত্বে একটি দল গুদামেরহাট থেকে চালতাবেড়িয়া যাওয়ার রাস্তায় অভিযান চালায়। নির্দিষ্ট সূত্রে খবর পেয়েই পুলিশকর্মীরা সেখানে পৌঁছোন। ওই রাস্তা থেকেই আব্দুল গফ্ফর মোল্লাকে আটক করা হয়েছে। তিনি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত চালতাবেড়িয়া এলাকার দলুয়াখাকি মোল্লাপাড়ার বাসিন্দা।

তল্লাশির সময় তাঁর কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও দু'রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয় বলে পুলিশের দাবি। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বারুইপুরের এসিজেএম আদালতে পেশ করা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশের দাবি, হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার সময় ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ম্যাগাজিন-সহ একটি দেশি ৭ মিমি আগ্নেয়াস্ত্র রয়েছে। ওই ম্যাগাজিনে তিন রাউন্ড তাজা কার্তুজ ছিল। পাশাপাশি আরও একটি দেশি আগ্নেয়াস্ত্র ও দু'রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।

সব মিলিয়ে এই ঘটনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল, সেগুলি কোনও অপরাধমূলক কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছেন জয়নগর থানার তদন্তকারীরা।


Share