CBSE

২১ অক্টোবরের মধ্যে পড়ুয়াদের তথ্য জমার নির্দেশ, দশম ও দ্বাদশের স্কুলগুলিকে জানাল সিবিএসই

আগামী ২১ অক্টোবরের মধ্যে পরীক্ষার্থীদের তালিকা (এলওসি) জমা দিতে হবে স্কুলগুলিকে। দশম শ্রেণির প্রথম বোর্ড পরীক্ষা বাধ্যতামূলক, দ্বিতীয় পরীক্ষার জন্য পরে জমা দিতে হবে এলওসি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ০৬:১২

দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার আগে স্কুলগুলিকে পড়ুয়াদের সমস্ত তথ্য নির্ভুলভাবে জমা দেওয়ার নির্দেশ দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ অক্টোবরের মধ্যে পরীক্ষার্থীদের তথ্য নথিভুক্ত করার কাজ শেষ করতে হবে স্কুল কর্তৃপক্ষকে।

তথ্য জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট নির্দেশিকাগুলি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দিয়েছে সিবিএসই। পড়ুয়াদের তথ্য নথিভুক্ত করার দায়িত্বে থাকা কর্মীরা যাতে পর্ষদের নিয়ম সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকেন, তা নিশ্চিত করতে হবে স্কুলগুলিকে। পরীক্ষার্থীদের তালিকা বা লিস্ট অফ ক্যান্ডিডেটস (এলওসি) জমা দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকার উপরেও গুরুত্ব দিয়েছে পর্ষদ।

দশম শ্রেণির ক্ষেত্রে দুই বোর্ড পরীক্ষার নীতি চালু করেছে সিবিএসই। এই নিয়ম অনুযায়ী, ফেব্রুয়ারি-মার্চ মাসে প্রথম বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

পর্ষদের নির্দেশ, দশম শ্রেণির সমস্ত পড়ুয়ার জন্য প্রথম বোর্ড পরীক্ষার এলওসি জমা দিতে হবে স্কুলগুলিকে। প্রথম পরীক্ষা শেষ হওয়ার পর দ্বিতীয় বোর্ড পরীক্ষার জন্য এলওসি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে, ২০২৭ সালের বোর্ড পরীক্ষার সূচি শীঘ্রই প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীদের তথ্য নথিভুক্ত করা এবং পর্ষদের নির্দেশিকা মেনে চলার উপরেই এখন জোর দেওয়া হচ্ছে।


Share