CJP Protest

যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক মোদী বিরোধী ‘ব্লগার’ ধ্রুব রাঠী, দিল্লি জুড়ে ধড়পাকড়

গুরুগ্রাম পুলিশের তরফে ‘হিন্দুস্তান টাইমস’-কে এই তথ্য জানানো হয়েছে। পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

আটক ধ্রুব রাঠী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১২:২৫

দিল্লিতে ককরোচ পার্টি (সিজেপি)-র ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। তিনি কিছু দিন আগেই ভারতে এসেছেন। দীর্ঘদিন ধরে বিদেশে বসে সরাসর বিরোধী প্রচার চালান। ভুয়ো খবর ছড়ানোর ‘ওস্তাদ’-কে যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেওয়ার আগেই শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করল পুলিশ। গুরুগ্রাম পুলিশের তরফে ‘হিন্দুস্তান টাইমস’-কে এই তথ্য জানানো হয়েছে। পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। শুক্রবার রাত থেকেই রাজধানীর একাধিক এলাকায় কড়া নজরদারি শুরু হয়েছে। বন্ধ রাখা হয়েছে ৪৫টি মেট্রো স্টেশন। পাশাপাশি, ভোর থেকে দুপুর পর্যন্ত দিল্লিগামী একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। রাজধানীর রাস্তায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশকর্মী ও কেন্দ্রীয় আধাসেনা বাহিনী। জমায়েত এবং প্রতিবাদ কর্মসূচি থেকে বিরত থাকার জন্য মাইকিংও চলছে।

এই পরিস্থিতিতেই শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-র কেন্দ্রীয় বিহার সোসাইটিতে ধ্রুব রাঠীর বাড়িতে পৌঁছোয় পুলিশ। সূত্রের খবর, তাঁকে যন্তর মন্তরে না যাওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশ না মানায় তাঁকে আটক করা হয় বলে অভিযোগ। ধ্রুবের আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সিজেপি। সমাজমাধ্যমে দলের তরফে লেখা হয়েছে, ধ্রুবের মতো তরুণদের প্রশ্ন তোলার অধিকারকে দমন করতেই এই পদক্ষেপ। শুধু ধ্রুব নন, শনিবার আরও কয়েক জন জনপ্রিয় বিষয়স্রষ্টাকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এ দিকে, সিজেপি-র প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে শনিবার সকালে মুম্বই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। দিল্লিতে পৌঁছোনোর পর তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে শুক্রবার রাতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হলেও আন্দোলন থেকে পিছিয়ে আসবেন না বলে জানিয়েছেন দীপকে। তাঁকে আটক করা হলেও প্রতিবাদ কর্মসূচি যাতে থেমে না যায়, সেই বার্তাও দিয়েছেন তিনি।

দিল্লির বিস্তীর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করেছে পুলিশ। সিজেপি-র কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও প্রতিবাদে যোগ দিতে আসা বহু মানুষকে আটক করা হয়েছে। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, আটক ব্যক্তির সংখ্যা অন্তত ১৫০। অন্য দিকে, ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে আটকের সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, জনপথ ও কর্তব্যপথের সংযোগস্থল থেকে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। পাশাপাশি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রত্যাহার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিও তুলেছে তারা। এই দাবিগুলিকে সামনে রেখেই ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রতিবাদ কর্মসূচি ঘিরে প্রশাসনের কড়া অবস্থানের সমালোচনা করেছেন অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, দেশের তরুণ প্রজন্মের প্রতিবাদকে ভয় পাচ্ছে কেন্দ্রীয় সরকার। মহাত্মা গাঁধীর আদর্শ মেনে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই তাঁরা নিজেদের দাবি তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি। তবে শনিবারের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা এবং আটক অভিযান ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।


Share