Fire Incident

মহালয়ার ভোরে হাওড়ায় ভয়াবহ আগুন, ভস্মীভূত তিনতলা বাড়ি ও চারটি দোকান

শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা থাকলেও, দমকলের অনুমান রাবারের কারখানা থেকেই আগুন ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ।

হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ০১:১৫

মহালয়ার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ায়। চ্যাটার্জিহাটের নতুন রাস্তা চত্বরে একটি তিনতলা বাড়িতে আগুন লাগার জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বাড়ি ও সংলগ্ন চারটি দোকান। বাড়ির পাঁচ সদস্যকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শেখ নাজির হোসেন নামে এক প্রৌঢ় গুরুতর আহত হয়েছেন। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বাহিনী। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে আচমকাই ওই তিনতলা বাড়িতে আগুন লাগে। বাড়িটির নিচের তলায় একটি রাবারের গোডাউন ছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়ির অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। পরে আগুনের তীব্রতা দেখে আরও একটি ইঞ্জিন পাঠানো হয়। দমকলকর্মীদের পাশাপাশি স্থানীয় যুবকরাও আগুন নেভানোর কাজে হাত লাগান।

প্রায় দু'ঘণ্টা ধরে চলে আগুন নেভানোর কাজ। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। বাড়ি থেকে পাঁচ সদস্যকে উদ্ধার করা হলেও শেখ নাজির হোসেন নামে এক প্রৌঢ় গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা দেবব্রত চৌধুরী জানান, ভোরবেলা আচমকাই ওই বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। বাড়ির বাসিন্দারা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। সময়মতো উদ্ধার করা না গেলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে দমকল সূত্রে খবর, বাড়ির ভিতরে থাকা রাবারের কারখানা থেকেই আগুন ছড়িয়ে থাকতে পারে। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। এই ঘটনায় কারখানার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দমকল। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। মহালয়ার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


Share