Protest

গান্ধিজয়ন্তীতেই মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে দেশজোড়া বিক্ষোভ, দিল্লি-মুম্বইয়ে কড়া পুলিশি নজরদারি

বিভিন্ন ছাত্র, যুব ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুক্রবার দিল্লির যন্তর মন্তর এবং মুম্বইয়ের শিবাজি পার্কে কর্মসূচির ঘোষণা করা হয়। তবে দিল্লিতে কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১২:৫১

গান্ধিজয়ন্তীর দিনেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশের একাধিক প্রান্তে বিক্ষোভের ডাক ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন ছাত্র, যুব ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুক্রবার দিল্লির যন্তর মন্তর এবং মুম্বইয়ের শিবাজি পার্কে কর্মসূচির ঘোষণা করা হয়। তবে দিল্লিতে কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। যন্তর মন্তর-সহ নিউ দিল্লি এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করে ১৬৩ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার সকাল থেকেই যন্তর মন্তর চত্বরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ার জন্য ‘মাল্টি ব্যারেল শেল লঞ্চার’ যুক্ত ‘বজ্র’ এবং জলকামানবাহী ‘বরুণ’ প্রস্তুত রাখা হয়েছে। পুলিশের বাধা সত্ত্বেও কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এসএফআই সভাপতি আদর্শ এম সাজি এবং আইসা নেত্রী নেহা বোরা। এ দিকে, নিরাপত্তার কারণে যন্তর মন্তরের আশপাশের একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। কনট প্লেস, পটেল চক ও সংসদ ভবন চত্বর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ। এই সমস্ত কারণে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।

মুম্বইয়ের শিবাজি পার্কেও একই দাবিতে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’-র উদ্যোগে ‘জেল ভরো’ আন্দোলনের ঘোষণা করা হলেও মহারাষ্ট্র পুলিশ বম্বে হাইকোর্টের ২০১৩ সালের নির্দেশের উল্লেখ করে অনুমতি দেয়নি। তবে সংগঠনের প্রধান অভিজিৎ দীপ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। পরবর্তী সময়ে কলকাতা, বেঙ্গালুরু ও গোয়া-সহ দেশের অন্যান্য শহরেও কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে।

এরই মধ্যে বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটও দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচি শুরু করেছে। আগামী ৬ অক্টোবর বিরোধী সাংসদদের নিয়ে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত পদযাত্রার কর্মসূচি রয়েছে। ফলে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে গান্ধীজয়ন্তীতেই দিল্লি থেকে মুম্বই—বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচি ও প্রশাসনিক পদক্ষেপ ঘিরে চাপানউতোর তৈরি হয়েছে।


Share