Highway Project

৬১ হাজার ৫০০ কোটির মেগা হাইওয়ে! শিলিগুড়ি-গুয়াহাটি-শিলং জুড়বে নতুন করিডরে, ‘চিকেনস নেক’-এ ৬ লেনের বিকল্প করোনেশন ব্রিজ

পাশাপাশি, সেবকে তিস্তা নদীর উপ র বর্তমান করোনেশন ব্রিজের বিকল্প ছয় লেনের সেতু তৈরির জন্য এক হাজার ১৭৫.৫৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ০৩:৪৪

শিলিগুড়ি থেকে গুয়াহাটি হয়ে শিলং—উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদল আনতে ৬১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে হাইওয়ে করিডর তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি জানিয়েছেন, কয়েকটি পর্যায়ে এই করিডর তৈরি করা হবে। পাশাপাশি, সেবকে তিস্তা নদীর উপর বর্তমান করোনেশন ব্রিজের বিকল্প ছয় লেনের সেতু তৈরির জন্য এক হাজার ১৭৫.৫৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই দুই প্রকল্পের ফলে শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর সঙ্গে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ আরও মজবুত হবে বলে দাবি কেন্দ্রের।

পরিকল্পনার প্রথম পর্যায়ে শিলিগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ হাইস্পিড করিডর তৈরি করা হবে। এই অংশে খরচ ধরা হয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা। গডকড়ি জানিয়েছেন, প্রকল্পটি অনুমোদনের পর্যায়ে রয়েছে। এর পর দ্বিতীয় পর্যায়ে গুয়াহাটি থেকে শিলং পর্যন্ত করিডর তৈরি হবে। প্রস্তাবিত গ্রিনফিল্ড সেকশনের ফলে এই অংশের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার থেকে কমে ৬৬ কিলোমিটার হবে। যাতায়াতের সময়ও প্রায় দেড় ঘণ্টা কমবে। বর্তমানে যেখানে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে, সেখানে ভবিষ্যতে এক ঘণ্টার মতো সময়েই পৌঁছোনো সম্ভব হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

একই সঙ্গে সেবকে তিস্তার উপর ৬.৯১ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের বিকল্প করোনেশন ব্রিজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পুরনো করোনেশন ব্রিজের উপর ক্রমশ বাড়তে থাকা যানবাহনের চাপ সামলানো কঠিন হয়ে উঠেছে। তাই দীর্ঘদিন ধরেই একটি বিকল্প সেতুর দাবি ছিল। নতুন সেতু তৈরি হলে শিলিগুড়ি করিডরের সঙ্গে সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের যোগাযোগ আরও নির্ভরযোগ্য হবে বলে কেন্দ্রের দাবি।

গডকড়ির বক্তব্য, নতুন করিডর ও সেতুর ফলে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই উত্তর-পূর্ব সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর চলাচলও দ্রুততর হবে। উন্নত সড়ক যোগাযোগের কারণে যাতায়াতের সময় কমার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। এর পাশাপাশি শিলং থেকে শিলচর পর্যন্ত আরও একটি গ্রিনফিল্ড করিডর তৈরির পরিকল্পনা রয়েছে। প্রায় ১৬৫ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের ওয়ার্ক অর্ডার আগামী নভেম্বরেই জারি করা হতে পারে বলে জানিয়েছেন গডকড়ি। বর্তমানে এই দুই শহরের মধ্যে সড়কপথের দূরত্ব প্রায় ২৩০ কিলোমিটার। নতুন করিডর তৈরি হলে তা কমে ১৬৫ কিলোমিটারে দাঁড়াবে। ফলে যাত্রার সময়ও প্রায় আট ঘণ্টা থেকে কমে চার ঘণ্টায় নেমে আসবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

গডকড়ি একটি কনক্লেভে বলেন, শিলিগুড়ি-গুয়াহাটি এবং গুয়াহাটি-শিলং—এই দুই অংশ মিলিয়ে মোট প্রায় ৬৩০ কিলোমিটার দীর্ঘ করিডর তৈরি করা হবে। গোটা প্রকল্পে আনুমানিক ৬১ হাজার ৫০০ কোটি টাকা খরচ হবে। তাঁর দাবি, এই পরিকাঠামো উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে।


Share