Commercial Gas Price Hike

ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম ৭০ টাকা বেড়ে দাঁড়াল দু'হাজার ৯৫৪ টাকায়

ফলে ১ অক্টোবর থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াচ্ছে দু'হাজার ৯৫৪ টাকা। তবে গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ০৮:১৪

পুজোর মাসে ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। বুধবার রাতে অক্টোবরের নতুন দাম প্রকাশের পর কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৭০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ১ অক্টোবর থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াচ্ছে দু'হাজার ৯৫৪ টাকা। তবে গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। ১৪.২ কেজির গৃহস্থালির সিলিন্ডার আগের মতোই ৯৬৮ টাকা থাকবে।

পুজোর মুখে বাণিজ্যিক গ্যাসের এই দামবৃদ্ধিতে রেস্তরাঁ, হোটেল, ক্যাফে, ক্যাটারিং সংস্থা-সহ বিভিন্ন খাদ্য ব্যবসায় ফের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পুজোর সময়ে খাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন কমিটির খাওয়াদাওয়ার আয়োজনেও এর প্রভাব পড়তে পারে। পুজোর পরেই শুরু হবে বিয়ের মরশুম। ফলে ক্যাটারিং ব্যবসাতেও বাড়তি রান্নার খরচের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় চলতি বছরে বাণিজ্যিক গ্যাসের দামে একাধিকবার ওঠানামা হয়েছে। এপ্রিল মাসে ১৯ কেজির সিলিন্ডারের দাম ছিল দু'হাজার ২০৮ টাকা। মার্চের তুলনায় তখন দাম বেড়েছিল ২১৯.৫০ টাকা। মে মাসে এক ধাক্কায় দাম বাড়ে ৯৯৪ টাকা, পৌঁছোয় তিন হাজার ২০২ টাকায়। জুনে আরও ৫৩.৫০ টাকা বেড়ে দাম হয় তিন হাজার ২৫৫.৫০ টাকা। এর পর অবশ্য পরপর দু’মাস দাম কমে। জুলাইয়ে ১৭৪ টাকা কমে দাম নামে তিন হাজার ৮১.৫০ টাকা এবং অগস্টে আরও ২০৯ টাকা কমে দাঁড়ায় দু'হাজার ৮৭২.৫০ টাকা। সেপ্টেম্বরে ফের ১১.৫০ টাকা বেড়ে দাম হয় দু'হাজার ৮৮৪ টাকা। অক্টোবরের ৭০ টাকা বৃদ্ধির পর সেই দামই বেড়ে হল দু'হাজার ৯৫৪ টাকা।

অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত টানা তিন মাস দাম বাড়ার পর জুলাই ও অগস্টে পরপর দু’মাসে মোট ৩৮৩ টাকা দাম কমেছিল। সেপ্টেম্বরে সামান্য বৃদ্ধির পর অক্টোবরে ফের বড়সড় বৃদ্ধি হল। ফলে বাণিজ্যিক গ্যাসের দামের নিম্নমুখী প্রবণতাতেও ছেদ পড়ল।

অন্য দিকে, গৃহস্থালির রান্নার গ্যাসের দামে গত কয়েক মাসে তুলনামূলক ভাবে স্থিরতা রয়েছে। এপ্রিল ও মে মাসে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ছিল ৯৩৯ টাকা। জুনে ২৯ টাকা বেড়ে তা হয় ৯৬৮ টাকা। এর পর জুলাই, অগস্ট ও সেপ্টেম্বরে আর কোনও পরিবর্তন হয়নি। অক্টোবরেও কলকাতায় গৃহস্থালির রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকাই থাকছে।


Share