TET Exam

নিয়োগ আটকে, বছর ঘুরেছে! দ্রুত প্রক্রিয়া শেষ করে ফের টেটের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়া যেটা চলছে, তা দ্রুত সমাপ্ত করে পরবর্তী নিয়োগে যাব।’’ পাশাপাশি তাঁর ঘোষণা, শূন্যপদ তৈরি হলে সেই অনুযায়ী নিয়মিত টেট নেওয়া হবে।

দ্রুত প্রক্রিয়া শেষ করে ফের টেটের ঘোষণা শিক্ষামন্ত্রীর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ০৯:১৮

প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া বর্তমানে বন্ধ রয়েছে, তা দ্রুত শেষ করে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় যাওয়ার কথা জানালেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়া যেটা চলছে, তা দ্রুত সমাপ্ত করে পরবর্তী নিয়োগে যাব।’’ পাশাপাশি তাঁর ঘোষণা, শূন্যপদ তৈরি হলে সেই অনুযায়ী নিয়মিত টেট নেওয়া হবে। মন্ত্রীর কথায়, ‘‘দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও সরস্বতীপুজোর মতো বছর বছর টেট হবে।’’

প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য শেষ বার টেট হয়েছিল ২০২২ সালে। ওই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১৩ হাজার ৪২১ জনকে নিয়োগের জন্য ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩১ ডিসেম্বর থেকে শুরু হয় জেলাভিত্তিক ইন্টারভিউ। প্রথম চার দফার পর গত ২৭ ফেব্রুয়ারি পঞ্চম থেকে দশম দফার ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে পর্যায়ক্রমে ইন্টারভিউ হওয়ার কথা ছিল।

নির্বাচন ঘোষণা হওয়ার পর নিয়োগের ইন্টারভিউ নিয়ে জটিলতা তৈরি হয়। নদিয়ার ইন্টারভিউ ১৯ মার্চ শেষ হলেও ২৩ মার্চ পুরুলিয়ায় ষষ্ঠ পর্যায়ের ইন্টারভিউ শুরু হয়েছিল। পরে নির্বাচন কমিশনের চিঠির প্রেক্ষিতে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয় পর্ষদ। শেষ পর্যন্ত ১ এপ্রিল ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়। বিধানসভা নির্বাচন ও নতুন সরকার গঠনের পরও সেই প্রক্রিয়া আর শুরু হয়নি।

এ দিকে মন্ত্রীর ঘোষণাকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘এর আগের সরকারও বলত প্রতি বছর টেট হবে। কোনও কোনও ক্ষেত্রে পরীক্ষাও হত, কিন্তু চাকরি হত না। উপরন্তু নিয়োগে দুর্নীতির অভিযোগও উঠেছে। এই সরকারের আমলে প্রতি বছর টেট হলেও চাকরি হবে কি না, তা কিছু দিনের মধ্যেই বোঝা যাবে।’’


Share