Metro Update

পুজোর আগে ভিড় সামলাতে মেট্রোয় বাড়ছে পরিষেবা, ৩, ৪, ১০ ও ১১ অক্টোবর চলবে অতিরিক্ত ট্রেন

নিউ মার্কেট, গড়িয়াহাট, শ্যামবাজারের পাশাপাশি হাওড়াতেও শুরু হয়েছে পুজোর আগের কেনাকাটা এবং আগাম মণ্ডপ পরিদর্শন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০

দুর্গাপুজো এগিয়ে আসতেই কলকাতার বিভিন্ন বাজার ও বাণিজ্যিক এলাকায় বাড়ছে ভিড়। নিউ মার্কেট, গড়িয়াহাট, শ্যামবাজারের পাশাপাশি হাওড়াতেও শুরু হয়েছে পুজোর আগের কেনাকাটা এবং আগাম মণ্ডপ পরিদর্শন। সেই ভিড় সামলাতে এবং যাত্রীদের সুবিধা দিতে ৩, ৪, ১০ ও ১১ অক্টোবর অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো।

শনিবার, ৩ ও ১০ অক্টোবর ব্লু লাইনে দক্ষিণেশ্বর–কবি সুভাষ রুটে ২৫২টির পরিবর্তে মোট ২৭২টি পরিষেবা চলবে। গ্রিন লাইনে হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ রুটে ২১২টির পরিবর্তে ২৩৬টি ট্রেন চালানো হবে। অন্য দিকে, ইয়েলো লাইনে নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর রুটে শনিবারের পরিষেবা ৯২ থেকে বাড়িয়ে ১২০টি করা হয়েছে।

তবে পার্পল লাইনে শনিবার স্বাভাবিক সূচি মেনেই মেট্রো চলবে। অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা থাকবে না।

রবিবার, ৪ ও ১১ অক্টোবরও অতিরিক্ত পরিষেবা চালানো হবে। ওই দু’দিন ব্লু লাইনে ১৫২টির পরিবর্তে ১৮৮টি এবং গ্রিন লাইনে ১১১টির পরিবর্তে ১২৫টি পরিষেবা চলবে। ইয়েলো লাইনে অবশ্য স্বাভাবিক সূচি অনুযায়ী ৭৮টি ট্রেন চলবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সরাসরি ট্রেনের সংখ্যা তিনটি থেকে কমিয়ে দু’টি করা হবে।

পুজোর কেনাকাটা ও মণ্ডপমুখী যাত্রীদের অতিরিক্ত চাপের কথা মাথায় রেখেই এই পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে।


Share