Weather Update

পালা শুরু বর্ষা বিদায়ের, শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ, বৃহস্পতিবার থেকে উপকূলে হালকা বৃষ্টির পূর্বাভাস

এর প্রভাবে বৃহস্পতিবার থেকে উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ সংলগ্ন জেলাতেও হতে পারে বৃষ্টি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ১১:৩৮

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও দুর্বল হয়েছে। শক্তি হারিয়ে সেটি এখন সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে নিম্নচাপটির অবস্থান দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন নাগাল্যান্ড ও মিজোরামের উপর। 

এই নিম্নচাপের সরাসরি বড় প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই। তবে এর জেরে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকেই উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতেও এ দিন হালকা বৃষ্টি হতে পারে। তবে রাজ্যের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। শনিবার থেকে সোমবার পর্যন্তও রাজ্যের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টি মূলত বিক্ষিপ্তভাবেই হবে।

এ দিকে রাজ্যে বর্ষা বিদায়ের প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী দু’তিন দিনের মধ্যে ঝাড়খণ্ড ও বিহার থেকেও বর্ষা বিদায়ের পর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলায় সাধারণত ১০ অক্টোবর নাগাদ বর্ষা বিদায় নিতে শুরু করে।

উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দু’-একটি জায়গায় বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের এই পাঁচ পার্বত্য জেলায় বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে। সোমবার থেকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে।


Share