Election Commission

পুরসভা ভোটের আগে ইভিএম-ঘাটতি, ফের হাই কোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে প্রয়োজনীয় সংখ্যক ইভিএম জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়েছে কমিশন।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ০৫:৪৯

পুরসভা নির্বাচনের আগে ইভিএমের ঘাটতি নিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন। নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে প্রয়োজনীয় সংখ্যক ইভিএম জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়েছে কমিশন।

কমিশন সূত্রে খবর, আগের পুরসভা নির্বাচন সংক্রান্ত একাধিক মামলা এখনও বিচারাধীন। ওই মামলাগুলির কারণে আদালতের নির্দেশে বিপুল সংখ্যক ইভিএম সিল করে সংরক্ষণ করা হয়েছে। মামলাগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই ইভিএমগুলি ব্যবহার করা সম্ভব নয়। ফলে আসন্ন পুরসভা নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যক মেশিন হাতে পাওয়া নিয়ে তৈরি হয়েছে ঘাটতি।

এই পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, বিচারাধীন মামলার কারণে সংরক্ষিত ইভিএমগুলি আপাতত নির্বাচনের কাজে ব্যবহার করা যাচ্ছে না। অন্য দিকে, নতুন করে নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম জোগাড় করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ইভিএমের ঘাটতি মেটানো না গেলে পুরসভা নির্বাচনের প্রস্তুতি এবং সম্ভাব্য সময়সূচি প্রভাবিত হতে পারে বলেও আশঙ্কা কমিশনের। তাই বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য হাই কোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। মামলাগুলির নিষ্পত্তির পর আদালতের নির্দেশ অনুযায়ী সংরক্ষিত ইভিএমগুলি ফের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে কমিশন।

বিষয়টি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি. ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চে পেশ করা হয়েছে। কমিশনের আবেদনের শুনানি আগামী মঙ্গলবার হতে পারে বলে আদালতের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। 


Share