KMC

পুজোর আগে কলকাতায় ‘সেবা সেতু’ অভিযান, ১৫৭ শিবিরে মিলবে ৪৬ সরকারি পরিষেবা

২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত পুরসভার ১৫৭টি শিবিরে ১৫টি দফতরের মাধ্যমে মিলবে ৪৬ ধরনের সরকারি পরিষেবা। স্বাস্থ্য পরীক্ষা থেকে জমি, পড়াশোনা, আর্থিক পরিষেবা ও সামাজিক সুরক্ষা—একাধিক পরিষেবা পাওয়া যাবে এই শিবিরগুলিতে।

পুর কমিশনার স্মিতা পান্ডে
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ১০:৫৭

দুর্গাপুজোর আগে কলকাতার নাগরিকদের জন্য একাধিক সরকারি পরিষেবা নিয়ে শুরু হচ্ছে ‘সেবা সেতু’ অভিযান। ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হবে। শহরজুড়ে মোট ১৫৭টি শিবির করার পরিকল্পনা রয়েছে পুরসভার। জনকল্যাণ শিবিরের ধাঁচেই এই শিবিরগুলি হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ‘সেবা সেতু’ অভিযানের বিস্তারিত জানান কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পান্ডে। পুরসভা সূত্রে খবর, মোট ১৫টি দফতরের প্রতিনিধিরা এই শিবিরগুলিতে থাকবেন। ওই দফতরগুলির মাধ্যমে মোট ৪৬ ধরনের পরিষেবা দেওয়া হবে।

সাধারণত দুই থেকে তিনটি ওয়ার্ডকে নিয়ে একটি করে শিবির করা হবে। সেখানে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা উপস্থিত থাকবেন। নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে তথ্যও দেওয়া হবে। কোনও নির্দিষ্ট পরিষেবা নিয়ে সমস্যা বা অভিযোগ থাকলে শিবিরে তার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

‘সেবা সেতু’ অভিযানে স্বাস্থ্য পরিষেবাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিবিরগুলিতে স্বাস্থ্য পরীক্ষা, বেসিক মেডিসিন, ডেঙ্গু স্ক্রিনিং এবং চোখ পরীক্ষার ব্যবস্থা থাকবে। পাশাপাশি টিবি স্ক্রিনিংও করা হবে। ‘টিবি মুক্ত ভারত’ গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পুরসভা জানিয়েছে।

এছাড়াও থাকছে ই-কেওয়াইসি পরিষেবা এবং বায়ো-টয়লেটের ব্যবস্থা। শিবিরে এসে নাগরিকেরা যে পরিষেবার প্রয়োজনের কথা জানাবেন, সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুরসভা। কৃষি ও জমি সংক্রান্ত বেশ কিছু পরিষেবাও মিলবে এই শিবিরগুলিতে। পিএম কিষাণ যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, মৃত্তিকা স্বাস্থ্য কার্ড, জমির মিউটেশন, পাট্টার জন্য আবেদন এবং জমির রেকর্ডে ছোটখাটো সংশোধনের মতো কাজের সুযোগ থাকবে।

ছাত্র-ছাত্রীদের জন্যও একাধিক পরিষেবা রাখা হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পাশাপাশি সংখ্যালঘু পড়ুয়াদের প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ সংক্রান্ত পরিষেবা পাওয়া যাবে।

আর্থিক পরিষেবার ক্ষেত্রেও একাধিক সুযোগ থাকছে। জনধন অ্যাকাউন্ট খোলা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মতো আর্থিক অন্তর্ভুক্তিমূলক পরিষেবা দেওয়া হবে।

এছাড়াও অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প, বিদ্যুৎ ও সৌরশক্তি সংক্রান্ত আবেদন এবং বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে অভিযোগ বা সমস্যার সমাধানের ব্যবস্থা থাকবে।

‘সেবা সেতু’ কর্মসূচি সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের জানাতে ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে মাইকিং শুরু করেছে কলকাতা পুরসভা। প্রচারের মাধ্যমে শিবিরে কী কী পরিষেবা পাওয়া যাবে, তা নাগরিকদের জানানো হচ্ছে।


Share