Sexual Assault

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, কাউকে না জানানোর জন‍্য হুমকি, গ্রেফতার ওদলাবাড়ির তৃণমূল নেতা আলাউদ্দিন

ঘটনার পরে বিশ্ব হিন্দু পরিষদের মালবাজার প্রখণ্ডের সভাপতি দীপ তিওয়ারি থানায় যান। তিনি বলেছেন, "প্রতিনিয়ত মা-বোনদের ওপর এই ধরনের অত্যাচার চলছে। আমরা চাই প্রশাসন ঘটনার তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক।"

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি
  • শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ০১:৩৭

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা মহম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য বলে জানা গিয়েছে। প্রতিবাদে জানিয়ে মালবাজার থানায় ডেপুটেশন জমা দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

পুলিস সূত্রে জানা গিয়েছে, নাবালিকার বাবা কর্মসূত্রে রাজ‍্যের বাইরে থাকেন। পেশায় তিনি পরিযায়ী শ্রমিক। তাঁর স্ত্রী মেয়েকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকেন। আরও জানা গিয়েছে, মহম্মদ আলাউদ্দিন তাঁদের বাড়িতে বাড়িতে আসত। গত বছর পুজোর সময় নাবালিকার মা বাড়িতে না থাকায় যৌন নির্যাতন করে বলে অভিযোগ উঠেছে। কাউকে ঘটনার কথা না বলার জন‍্য নাবালিকাকে হুমকিও আলাউদ্দিন দিয়েছিল বলে পরিবারের অভিযোগ করেছে। এর পর থেকে ওই নাবালিকা মানসিক ভাবে ভেঙে পড়ে। অবশেষে মাকে নির্যাতিতা ঘটনাটি বিস্তারিত জানায়।

মঙ্গলবার নির্যাতিতার পরিবার মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে অভিযুক্ত তৃণমুল নেতা মহম্মদ আলাউদ্দিনকে গ্রেফতার করেছে। আলাউদ্দিনের বিরুদ্ধে পকসো মামলার ৮ ও ১২ ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত আলাউদ্দিনকে বুধবার আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, তদন্তের স্বার্থে অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পরে।

ঘটনার পরে বিশ্ব হিন্দু পরিষদের মালবাজার প্রখণ্ডের সভাপতি দীপ তিওয়ারি থানায় যান। তিনি বলেছেন, "প্রতিনিয়ত মা-বোনদের ওপর এই ধরনের অত্যাচার চলছে। আমরা চাই প্রশাসন ঘটনার তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক।" 

অন্যদিকে, অভিযুক্ত মহম্মদ আলাউদ্দিন তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। এই নিয়ে মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত সরকার বলেছেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।”


Share