ED Raid

বেআইনি সুপারিপাচারে আর্থিক তছরুপের অভিযোগ, শিলিগুড়ি এবং কোচবিহার-সহ ছ’টি জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার এক কোটি টাকার বেশি নগদ

বৃহস্পতিবার সকালে কোচবিহারে বক্সিরহাটে বিনয়ের বাড়িতে যান ইডি আধিকারিকেরা। কোচবিহারের ৪ নম্বর ওয়ার্ডে তাঁর ফ্লাটেও তল্লাশি চলে। সূত্রের খবর, বিনয় সুপারি ব্যবসায়ী, পাশাপাশি তিনি কয়লা ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন।

টাকা গণনার মেশিন আনা হয় ধীরজের বাড়িতে।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১২:২৪

বৃহস্পতিবার কোচবিহার, শিলিগুড়ির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এক কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রের খবর, বেআইনি ভাবে সুপারিপাচার এবং জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে এই অভিযান হয়েছে। কোচবিহারে ব্যবসায়ী বিনয় বর্মনের বাড়িতে অভিযান চালিয়েছে ইডি। শিলিগুড়ির এক সুপারি ব্যবসায়ীর বাড়ি-সহ ছ’টি জায়গায় চলে তল্লাশি। বিপুল পরিমাণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

ইডি সূত্রে খবর, জিএসটি ফাঁকি দিয়ে অবৈধ ভাবে সুপারির ব্যবসা চালানো হচ্ছে। ভারত-মায়ানমার সীমান্ত দিয়ে সুপারির চোরাচালান হচ্ছে বলেও ইডি দাবি করেছে। অসমের এক থানায় প্রথম অভিযোগ জমা পড়েছিল। সেই সূত্র ধরেই ইডি ইসিআইআর দায়ের করে অভিযানে নামে গুয়াহাটি দফতর। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কিছু জেলা, অসম, মিজোরাম, উত্তরপ্রদেশে চলে অভিযান চলেছে বলে জানা গিয়েছে। উদ্ধার হয় নথি ফোন, ল্যাপটপ, প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা নগদ।

বৃহস্পতিবার সকালে কোচবিহারে বক্সিরহাটে বিনয়ের বাড়িতে যান ইডি আধিকারিকেরা। কোচবিহারের ৪ নম্বর ওয়ার্ডে তাঁর ফ্লাটেও তল্লাশি চলে। সূত্রের খবর, বিনয় সুপারি ব্যবসায়ী, পাশাপাশি তিনি কয়লা ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন। ইডির একটি সূত্র বলছে, বিনয়ের সঙ্গে শিলিগুড়ির ধীরজ ঘোষের ‘যোগ’ রয়েছে। তিনিও এক জন সুপারি ব্যবসায়ী। বর্ধমান রোডের সন্দীপ বৈদ‍্যের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।

অন্য দিকে, বৃহস্পতিবার শিলিগুড়ির মোট ছ’টি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা একযোগে তল্লাশি চালান। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে শিলিগুড়ির একটি সুপারি ব্যবসায়ী চক্র সরকারি কর ফাঁকি দিয়ে ব্যবসা চালাচ্ছিল। সেই তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে ইডি আধিকারিকরা তৎপর হয়ে ওঠেন।

শিলিগুড়ির বর্ধমান রোডে সন্দীপ বৈদ নামে এক ব্যক্তির বাড়িতে প্রথমে হানা দেন ইডি আধিকারিকেরা। সূ্ত্রের খবর, দীর্ঘক্ষণ ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অন্যান্য নথি খতিয়ে দেখা হয়েছে। একই সঙ্গে, শহরের পরিচিত সুপারি ব্যবসায়ী ধীরজ ওরফে হিরেশের ফাঁসিদেওয়া খামারবাড়িতেও তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। ব্যবসায়ীর বাড়ি ও সংশ্লিষ্ট কার্যালয়ের নথিপত্র খুঁটিয়ে দেখা হয় বলে খবর।


Share