Train Accident

রেললাইনে ভেঙে পড়ল গাছ, ইমার্জেন্সি ব্রেকে রক্ষা পেল পাহাড়িয়া এক্সপ্রেস, উত্তরবঙ্গে ঝড়ের তাণ্ডবে ব্যাহত ট্রেন চলাচল

ট্রেনের লোকো পাইলট আরপি শা জানান, মণ্ডলঘাট রেলগেটের কাছে দূর থেকেই তিনি রেললাইনের উপর গাছ পড়ে থাকতে দেখেন।

ট্রেনের ওপর থেকে সরানো হচ্ছে গাছ।
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি
  • শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৩:২৮

দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। উত্তরবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টির তান্ডব। বুধবার ভোররাতে ঝড়বৃষ্টির তান্ডবে ব্যাহত ট্রেন চলাচল। অনেক জায়গাতেই ভেঙে পড়ছে গাছ। এমন পরিস্থিতিতে ইমার্জেন্সি ব্রেক কষে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পাহাড়িয়া এক্সপ্রেস।

হলদিবাড়ি স্টেশন সূত্রের খবর, দীঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেসের যাত্রা শুরু হয় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। তবে তার আগে খালি ট্রেনটিকে হলদিবাড়ি স্টেশনে রাখা হয়েছিল। বৃহস্পতিবার ভোর প্রায় সোয়া চারটে নাগাদ ট্রেনটি হলদিবাড়ি থেকে এনজেপির উদ্দেশে রওনা দেয়। কিন্তু মণ্ডলঘাট স্টেশনে পৌঁছোতেই প্রবল ঝড়ের মুখে পড়ে ট্রেনটি।

ট্রেনের লোকো পাইলট আরপি শা জানান, মণ্ডলঘাট রেলগেটের কাছে দূর থেকেই তিনি রেললাইনের উপর গাছ পড়ে থাকতে দেখেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষে তিনি ট্রেন থামিয়ে দেন। চালকের এই তৎপরতায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শী বাবলু রায়ের দাবি, প্রবল ঝড়ের জেরে একটি বিশাল বটগাছের ডাল ভেঙে ট্রেনের ওপর থাকা ওভারহেড তারের উপর পড়ে যায়। এরপরই সেখান থেকে আগুনের ফুলকি বের হতে শুরু করে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে হলদিবাড়ি স্টেশনে রেল পরিষেবা ব্যাহত হয়। নির্ধারিত সময়ে বামনহাট ও বালুরঘাটগামী এক্সপ্রেস এবং একাধিক লোকাল প্যাসেঞ্জার ট্রেন ছাড়তে পারেনি। ফলে স্টেশনে এসে চরম ভোগান্তির মুখে পড়েন বহু যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। রেলকর্মীরা ওভারহেড তারের উপর পড়ে থাকা গাছ ও ডালপালা সরিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু করেছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। 


Share