Elephant Attack

নদীর ধারে শৌচকর্ম করতে গিয়ে বিপত্তি, গরুমারায় হাতির হানায় প্রাণ গেল যুবকের

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বন দফতরের নজরদারির অভাবেই এমন দুর্ঘটনা ঘটেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি
  • শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১২:৩৬

জলপাইগুড়ির লাটাগুড়ি এলাকায় হাতির হানায় এক যুবকের মৃত্যু হল। বৃহস্পতিবার সকালে গরুমারা জঙ্গল সংলগ্ন মূর্তি নদীর ধারে ঘটনাটি ঘটে। মৃতের নাম সুরজ ওরাঁও (২৮)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে প্রবল বৃষ্টি হচ্ছিল। তার মধ্যেই সুরজ নদীর ধারে শৌচকর্ম করতে গিয়েছিলেন। সেই সময় তিনি আচমকাই একটি বুনো হাতির সামনে পড়ে যান। পরিস্থিতি বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। তবে শেষরক্ষা হয়নি। অভিযোগ, হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে গরুমারা উত্তর রেঞ্জের মূর্তি বিটের বনকর্মীরা এবং গরুমারা বন্যপ্রাণী বিভাগের খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পাশাপাশি মেটেলি থানার পুলিশও ঘটনাস্থলে যায়। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

বনদফতর সূত্রে খবর, মৃতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, এলাকার বন দফতরের নজরদারিতে গাফিলতি ছিল। তাহলে এই ঘটনা ঘটত না। তাঁরা বন দফতরের আরও কড়া নজরদারির দাবি জানায়। তবেই এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে তাঁরা মনে করছেন।


Share