Accident

পর পর সমুদ্র দুর্ঘটনা, মন্দারমণিতে কড়া নজরদারি! দুই কিমি সৈকতজুড়ে বাঁশের ব্যারিকেড, ‘রেড জোন’ ঘোষণা

গত এক মাসে সমুদ্রে তলিয়ে অন্তত পাঁচ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পর পর দুর্ঘটনার পর এবার মন্দারমণিতে পর্যটকদের নিরাপত্তায় আরও কড়া পদক্ষেপ করল প্রশাসন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মন্দারমনি
  • শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ১১:৫১

দু’দিনের ছুটিতে ঘুরতে যাওয়ার অন্যতম জনপ্রিয় গন্তব্য দিঘা-মন্দারমণি-তাজপুর। তবে সাম্প্রতিক একাধিক দুর্ঘটনায় বারবার শিরোনামে এসেছে এই সমুদ্রসৈকত। প্রশাসনের তরফে বার বার সতর্ক করা হলেও সমুদ্রে নামার ক্ষেত্রে পর্যটকদের একাংশের বেপরোয়া মনোভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। গত এক মাসে সমুদ্রে তলিয়ে অন্তত পাঁচ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পর পর দুর্ঘটনার পর এ বার মন্দারমণিতে পর্যটকদের নিরাপত্তায় আরও কড়া পদক্ষেপ করল প্রশাসন।

মন্দারমণির ৩ নম্বর ঘাট সংলগ্ন প্রায় দু’কিলোমিটার সৈকত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং মন্দারমণি কোস্টাল থানার উদ্যোগে ওই এলাকায় বাঁশের খুঁটি পুঁতে দড়ি এবং লাল ফিতে দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। বিপজ্জনক অংশটিকে চিহ্নিত করা হয়েছে ‘রেড জোন’ হিসেবে। নির্ধারিত সীমানা পেরিয়ে যাতে কোনও পর্যটক সমুদ্রের ঝুঁকিপূর্ণ অংশে নেমে না পড়েন, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।

প্রশাসন সূত্রে খবর, বার বার সতর্কবার্তা সত্ত্বেও অনেক পর্যটক হোটেল থেকে বেরিয়ে নজর এড়িয়ে সমুদ্রে স্নান করতে নেমে পড়ছিলেন। ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছিল। নতুন এই ব্যারিকেডের মাধ্যমে বিপজ্জনক এলাকা দৃশ্যমান ভাবে চিহ্নিত করার পাশাপাশি পর্যটকদের সতর্ক করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ-প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মন্দারমণিতে বেড়াতে আসা পর্যটকেরা।

প্রশাসনের আশা, সৈকতে ‘রেড জোন’ চিহ্নিত করে এই দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা চালু হওয়ায় পর্যটকেরা বিপজ্জনক অংশে নামা থেকে বিরত থাকবেন। সমুদ্রের ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটকদের প্রবেশ রুখতে পারলে ভবিষ্যতে দুর্ঘটনার সংখ্যাও অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।


Share