Police Injured

এনজেপিতে পুলিশের উপর হামলা, বোতলের আঘাতে রক্তাক্ত এএসআই, গ্রেফতার ৫ অভিযুক্ত

অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং আচমকাই হামলা চালায়। অভিযুক্ত গোবিন্দ রায় বোতল দিয়ে এএসআই মুন্না আহমেদের মাথায় আঘাত করেন বলে অভিযোগ।

নিজেপি থানা
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০৭:৪৮

অসাধু কার্যকলাপ রুখতে অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়লেন পুলিশকর্মী। রবিবার রাতে এনজেপি থানার এএসআই মুন্না আহমেদের ওপর অতর্কিত হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ন'টা নাগাদ আইওসি সংলগ্ন বিপিসিএল রোড এলাকায় অসাধু কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালায় এনজেপি থানার পুলিশ। সেই সময় সেখানে ১০ থেকে ১২ জনের একটি দলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন কর্তব্যরত পুলিশকর্মীরা।

অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং আচমকাই হামলা চালায়। অভিযুক্ত গোবিন্দ রায় বোতল দিয়ে এএসআই মুন্না আহমেদের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর পুলিশ গোবিন্দ রায়-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম গোবিন্দ রায় (জলপাইগুড়ি প্লেন ঘাঁটি), আশিস শা (মাদানি বাজার), অমিত রায় (হাকিমপাড়া), বাবু রায় এবং বাসুদেব সরকার (উভয়ের বাড়ি ভক্তিনগর পাইপলাইন এলাকায়)। সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুলিশের উপর হামলার ঘটনায় কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন। তার মধ্যেই ফের পুলিশকর্মীর উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা ও পুলিশের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এনজেপি থানার পুলিশ।


Share    

NJP