Molestration

যোগ শেখানোর নামে ছাত্রীদের ‘ব্যাড টাচ’! কাঠগড়ায় স্কুলের ক্রীড়া শিক্ষক, গ্রেফতার করল পুলিশ

ঘটনাটি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-২ ব্লকের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। যোগ শেখানোর সময় পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কয়েক জন ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল স্কুলের ক্রীড়া শিক্ষকের বিরুদ্ধে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম
  • শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ০৫:২৯

যোগ শেখানোর সময় ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল স্কুলের ক্রীড়া শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির কয়েক জন ছাত্রীর সঙ্গে ওই শিক্ষক ‘ব্যাড টাচ’ করেছেন। ঘটনাকে ঘিরে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-২ ব্লকের একটি উচ্চ মাধ্যমিক স্কুলে উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় বেলিয়াবেড়া থানার পুলিশ।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠছিল। তবে ভয়ে বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খোলেনি। সম্প্রতি কয়েক জন অভিভাবক স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানান। তাঁদের অভিযোগ, ঘটনার কথা জানানো হলেও প্রধান শিক্ষক প্রয়োজনীয় পদক্ষেপ করেননি। বরং অভিভাবকদের বিষয়টি নিয়ে চুপ থাকার কথা বলা হয়।

এর পর ধীরে ধীরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। বুধবার কয়েক জন অভিভাবক স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে গোটা ঘটনা নিয়ে জানতে চান। তাঁদের সঙ্গে ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরাও। এরপর স্কুলেই অভিযুক্ত ক্রীড়া শিক্ষককে ডেকে আনা হয়। তাঁর কাছে ছাত্রীদের করা অভিযোগের বিষয়ে জানতে চান অভিভাবকেরা।

এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ স্কুলে পৌঁছোয়। পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা জানিয়েছেন, ওই শিক্ষকের আচরণ নিয়ে একটি অভিযোগ সামনে এসেছে। কয়েক জন ছাত্রী অবাঞ্ছিত স্পর্শ বা ‘ব্যাড টাচ’-এর অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।


Share