SRFTI Clash

এসআরএফটি-তে অশান্তির ঘটনায় চিহ্নিত ২৫০ জন, ২৩ জনকে জিজ্ঞাসাবাদ, নবান্নে ছ’পাতা রিপোর্ট দিল সিট

লালবাজার সূত্রের খবর, বৃহস্পতিবার অশান্তির ঘটনায় স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে প্রথম রিপোর্ট জমা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, ঘটনায় দু’পক্ষের মোট ২৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা
এসআরএফটিআই-এ অশান্তির ঘটনায় পেশ করা হল রিপোর্ট।
  • শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ০৭:২৩

গত রবিবারের সত‍্যজিৎ রায় ফ্লিম অ‍্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অশান্তি হয়েছিল। সেই অশান্তির ঘটনায় সিট গঠন করেছে পুলিশ। লালবাজার সূত্রের খবর, বৃহস্পতিবার অশান্তির ঘটনায় স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে প্রথম রিপোর্ট জমা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, ঘটনায় দু’পক্ষের মোট ২৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ঘটনার পরে দু’টি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। একটি মামলা অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের তরফে দায়ের করা হয়েছে। সেই মামলায় কলকাতা পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি। তার পরে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। বৃহস্পতিবারে সেই বিশেষ তদন্তকারী দল নবান্নে ছ’পাতার রিপোর্ট জমা দিয়েছে।

পুলিশ সূত্রের খবর, বুধবার বিকেল ৪টে নাগাদ কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) কুনাল আগরওয়ালের নেতৃত্বে সিটের সদস্যরা এসআরএফটিআই ক‍্যাম্পাসে যায়। তাঁদের হাতে একাধিক ভিডিয়ো এবং সিসি ক্যামেরার ফুটেজ এসেছে। তা বিশ্লেষণ করে ২৫০ জনকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে উপাচার্য-সহ ১০ জন কর্তৃপক্ষ, ১০ কমিউনিস্ট ছাত্রনেতা এবং এবিজিপি সংগঠনের দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবিজিপি-র দুই সদস্যকে পঞ্চসায়র থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত ৮টা পর্যন্ত ঘটনা জিজ্ঞাসাবাদ পর্ব চলে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘটনায় দু’পক্ষেই জড়িত থাকার প্রাথমিক সত্যতা মিলেছে। এই রিপোর্টের ওপরে ভিত্তি করে নবান্ন যা পদক্ষেপ করতে বলবে সেই মতোই কাজ বিশেষ তদন্তকারী দল করবে বলে জানা গিয়েছে। অশান্তি পাকানোতে কমিউনিস্ট ছাত্রদের ভূমিকা রয়েছে বলে মনে করছে সিট। কারা এই অশান্তি পাকিয়েছে তা নিশ্চিত ভাবে জানায়নি পুলিশ। মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Share