Fire Incident

শান্তিপুরে পাটকাঠির গাদায় ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা বসতবাড়ি

শান্তিপুরের সুত্রাগড় সাহাপাড়ায় পাটকাঠির গাদায় ভয়াবহ আগুন। দমকলের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পাটকাঠির গাদায় ভয়াবহ আগুন
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ০২:০০

বৃহস্পতিবার সকালে পাটকাঠির গাদায় ভয়াবহ আগুন। অল্পের জন্য রক্ষা পেল বসতবাড়ি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় নদিয়ার শান্তিপুরের সুত্রাগড় সাহাপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোজ বিশ্বাস ও কার্তিক বিশ্বাসের বাড়ির সামনে পাটকাঠি রাখা ছিল। এদিন সকালে আচমকাই সেই পাটকাঠির গাদায় আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। বাড়ির খুব কাছে আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় শান্তিপুর দমকলের কর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন যাতে বসতবাড়িতে ছড়িয়ে না পড়ে, সে দিকেও নজর রাখেন দমকলকর্মীরা।

স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, পথ চলতি কারও ফেলে দেওয়া জ্বলন্ত বিড়ির আগুন থেকেই পাটকাঠির গাদায় আগুন লেগে থাকতে পারে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ আতঙ্কের পরিবেশ তৈরি হয়।


Share