Accident

ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত, নদিয়ায় পৃথক দু’ঘটনায় প্রাণ গেল দু'জনের, আশঙ্কাজনক এক

হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের জেরে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মাঠে কাজ করা কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৫:৪৭

বৃহস্পতিবার নদিয়ার দুই পৃথক এলাকায় দুর্ঘটনা। বজ্রপাতে দু’জনের প্রাণ গেল। ঘটনায় আরও একজন আহতও হয়েছেন। এই আকস্মিক বিপর্যয়ে সংশ্লিষ্ট এলাকাগুলিতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রথম ঘটনাটি ঘটে নাকাশিপাড়া থানার বীরপুর এলাকায়। জানা গিয়েছে, এক যুবক মাঠে চাষের কাজ করছিলেন। সেই সময় আচমকাই তিনি বজ্রপাতের কবলে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম আখতার শেখ। একই সময়ে তাঁর সঙ্গে থাকা আরও এক ব্যক্তি গুরুতর জখম হন। প্রথমে তাঁকে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।

অন্যদিকে, নদিয়ার চাপড়া থানার হৃদয়পুর গ্রামেও একই ধরনের দুর্ঘটনা সামনে এসেছে। মৃতের নাম লক্ষণ বিশ্বাস (৬০)। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল থেকে তিনি ছেলের সঙ্গে পাটের জমিতে কাজ করছিলেন। বিকেলের দিকে কাজ সেরে বাড়ি ফেরার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। সেই সময়ই বজ্রপাতে গুরুতর জখম হন লক্ষণবাবু। মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাটি টের পেয়ে স্থানীয় বিএসএফ ক্যাম্পে খবর দেন। তাদের সহযোগিতায় দ্রুত তাঁকে উদ্ধার করা হয়। এরপর চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

একদিনে বজ্রপাতে দুই জনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয়দের মতে, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং বজ্রপাতের তীব্রতা বাড়ায় মাঠে কাজ করা কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।


Share