Robbery

ডাকাতির ছক বানচাল, শান্তিপুরে পুলিশের জালে তিন, উদ্ধার সরঞ্জাম

ধৃতদের কাছ থেকে নাইলনের দড়ি, হাসুয়া, ছেনি, স্ক্রু ড্রাইভার ও লোহার শাবল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের মঙ্গলবার রানাঘাট আদালতে পেশ করা হয়েছে।

গ্রেফতার তিন জন।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০১

শান্তিপুরে ডাকাতির ছক বানচাল করল পুলিশ। ডাকাতির উদ্দেশ্য নিয়ে জড়ো হওয়ার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে দড়ি, হাসুয়া, ছেনি, স্ক্রু ড্রাইভার এবং লোহার শাবল-সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে শান্তিপুর থানা এলাকার মুন্সিরপুলের ঢাকের বাগান এলাকায় পুলিশ অভিযান চালায়। সেখানে ১২ থেকে ১৫ জনকে একসঙ্গে জড়ো হয়ে থাকতে দেখা যায়। পুলিশকে দেখে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু  তিনজন হাতেনাতে ধরে পড়ে।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, পার্শ্ববর্তী একটি বাজারে ডাকাতির উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল বলে অভিযোগ। এরপর আলমত শেখ, সুজিত শেখ এবং কালো শেখ নামে তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে একটি নাইলনের দড়ি, একটি হাসুয়া, একটি ছেনি, একটি স্ক্রু ড্রাইভার এবং একটি লোহার শাবল উদ্ধার হয়েছে। ধৃত তিনজনকে মঙ্গলবার রানাঘাট আদালতে পেশ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের খোঁজে শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।


Share