Amit Shah

কর্ণাটক সফরে গিয়ে খাদ‍্যে বিষক্রিয়ায় অসুস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী! বাতিল হল কর্মসূচি, শাহের শারীরিক অবস্থা জানালেন প্রহ্লাদ যোশী

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বমি হয়েছিল। এর জেরে কিছুটা দুর্বলতা তৈরি হয়েছিল। তবে বর্তমানে তিনি ‘সম্পূর্ণ সুস্থ’ রয়েছেন বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫১

কংগ্রেস শাসিত কর্ণাটক সফরে গিয়ে অসুস্থ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খাদ্যে বিষক্রিয়ায় ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। অসুস্থতার কারণে শনিবার কর্ণাটকের হুব্বালি ও বেলগাভিতে তাঁর নির্ধারিত কর্মসূচি বাতিল করতে হয়। এমনটাই জানিয়েছেন বিজেপির আরেক প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।

শনিবার হুব্বালির গাব্বুরে কেএলই জগতগুরু গঙ্গাধর মহাস্বামীগালু মুরসাভিরমঠ মেডিকেল কলেজের নতুন অ্যাকাডেমিক ভবন উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ওই মেডিকেল কলেজে এক হাজার ২০০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত গবেষণা কেন্দ্রেরও তৈরি করা হয়েছে। এ সব প্রতিষ্ঠানগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত দিয়ে উদ্বোধন করার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানে অমিত শাহ উপস্থিত হতে পারেননি। কেএলই সোসাইটির চেয়ারম্যান তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ প্রভাকর কোরে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসুস্থ হয়ে পড়েছেন। সেই তিনি কারণেই চিকিৎসকদের পরামর্শে হোটেলেই ছিলেন।

পরে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বমি হয়েছিল। এর জেরে কিছুটা দুর্বলতা তৈরি হয়েছিল। তবে বর্তমানে তিনি ‘সম্পূর্ণ সুস্থ’ রয়েছেন বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ।

অন্য দিকে, বেলগাভি জেলার সফরও বাতিল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। চিক্কোডি তালুকের এক্সাম্বায় শ্রী বীরেশ্বর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির সদর দফতরের নতুন ভবন উদ্বোধন করার কথা ছিল তাঁর। অনুষ্ঠানে প্রহ্লাদ যোশী বলেন, “অমিত শাহের এখানে আসার কথা ছিল। খাদ্যে বিষক্রিয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।”

অমিত শাহের অনুপস্থিতিতে হুব্বালির কেএসই ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করেন কর্ণাটকের মেডিকেল শিক্ষামন্ত্রী শরনপ্রকাশ পাটিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, বেলগাভির সাংসদ জগদীশ শেট্টার, প্রহ্লাদ যোশী এবং জগতগুরু মুরসাভিরমঠের শ্রী গুরুসিদ্ধ রাজযোগীন্দ্র স্বামী।


Share