Clash

রাস্তা ছাড়তে হর্ন, তারপরই বচসা! যুগলকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ, উত্তপ্ত নাগেরবাজার

অভিযোগ, রাস্তা আটকে থাকা কয়েক জন মত্ত যুবকের সঙ্গে বচসার পর বাইক থেকে এক যুবককে নামিয়ে বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করা হয়। তাঁর সঙ্গী তরুণীকে শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দমদম
  • শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৬

বিশ্বকর্মা পুজোর রাতে হর্ন বাজানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দমদমের নাগেরবাজার। অভিযোগ, মত্ত অবস্থায় কয়েক জন যুবক রাস্তা আটকে দাঁড়িয়েছিলেন। সেই সময় বাইকে করে যাওয়া এক যুগলের উদ্দেশে কটূক্তি করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। প্রতিবাদ করতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। বাইক থেকে যুবককে নামিয়ে বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ। তাঁর সঙ্গে থাকা তরুণীকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ উঠেছে।

ঘটনায় তিন জন স্থানীয় যুবকের নাম উঠে এসেছে। ইতিমধ্যেই শুভঙ্কর দত্ত নামে এক জনকে গ্রেফতার করেছে নাগেরবাজার থানার পুলিশ। বাকি দু’জন পলাতক। সিসি ক্যামেরা থেকে তাঁদের খোঁজ চলছে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে নাগেরবাজার থেকে লেকটাউনের দিকে যাচ্ছিলেন ওই যুগল। বাইকে যাওয়ার সময় কয়েক জন যুবক তাঁদের রাস্তা আটকে দাঁড়ান। অভিযোগ, ওই যুবকেরা যুগলকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করেন। প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু রাস্তা ছাড়ার জন্য বাইকচালক হর্ন বাজাতেই শুরু হয় বচসা।

অভিযোগ, এরপর ওই যুবকেরা বাইকে থাকা তরুণ ও তরুণীকে হুমকি দিতে থাকেন। তরুণীর অভিযোগ, তাঁকে হেনস্থাও করা হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন তাঁর সঙ্গী। তখনই তাঁকে বাইক থেকে নামিয়ে মারধর করা হয়। বন্দুকের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়েছে বলেও অভিযোগ।

ঘটনার পর নাগেরবাজার থানায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। তাঁর দাবি, অভিযুক্তেরা সকলেই মত্ত অবস্থায় ছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই শুভঙ্কর দত্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


Share