Cancellation of train

মহালয়ার আগেই চরম ট্রেন-ভোগান্তি! হাওড়া-খড়গপুর শাখায় টানা দু’সপ্তাহ পরিষেবা নিয়ন্ত্রণ, বাতিল একাধিক এক্সপ্রেস

রেল সূত্রে খবর, চেঙ্গাইল রেল ইয়ার্ডের আধুনিকীকরণ ও রিমডেলিংয়ের কাজের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৪

পুজোর মুখে দক্ষিণ-পূর্ব রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া-খড়গপুর শাখায় টানা দু’সপ্তাহ ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে। এর জেরে যাত্রী ভোগান্তি চরমে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেল সূত্রে খবর, চেঙ্গাইল রেল ইয়ার্ডের আধুনিকীকরণ ও রিমডেলিংয়ের কাজের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কাজের জন্য লোকাল ও এক্সপ্রেস মিলিয়ে মোট ৫১টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পুজোর আগে হাওড়া-খড়গপুর শাখার নিত্যযাত্রীদের পাশাপাশি দূরপাল্লার যাত্রীদেরও সমস্যায় পড়তে হতে পারে। বাতিলের তালিকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন। তার মধ্যে উল্লেখযোগ্য হাওড়া-বরবিল এক্সপ্রেস, হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, জুনাগড় রোড-হাওড়া ইস্পাত এক্সপ্রেস এবং শালিমার-ভোজুডিহ-শালিমার এক্সপ্রেস। একই সঙ্গে হাওড়া-দিঘা এক্সপ্রেসের মতো জনপ্রিয় ট্রেন পরিষেবাও বাতিলের তালিকায় রয়েছে।

আগামী ১০ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-জগদলপুর এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস, হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস সম্পূর্ণ বন্ধ। পরের দিন, ১১ অক্টোবর, বাতিল থাকবে সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেসও। পুজোর মরসুমে এমনিতেই ট্রেনে যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়ে যায়। উৎসবের মুখে একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল হওয়ায় সেই ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, হাওড়া-খড়গপুর শাখায় এমনিতেই রেল পরিষেবা নিয়ে একাধিক সমস্যা রয়েছে। নির্ধারিত সময়ের তুলনায় ট্রেন দেরিতে চলা প্রায় নিত্যদিনের ঘটনা বলে অভিযোগ তাঁদের। ফলে কর্মস্থল থেকে শুরু করে দূরের গন্তব্যে যাতায়াত—সব ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। তার উপর পুজোর ঠিক আগে পরপর ট্রেন বাতিলের সিদ্ধান্তে সেই দুর্ভোগ আরও বাড়ল বলেই দাবি তাঁদের।


Share