Stone Syndicate

টুলু মণ্ডলের সংস্থার সব কাজের বরাত বাতিলের নির্দেশ, নতুন করে টেন্ডার ডাকতে বললেন রাজ‍্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল

শুক্রবার দুর্গাপুরে আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি (এডিডিএ)-র দফতরে সংস্থার চেয়ারম্যান, পশ্চিম বর্ধমানের জেলাশাসক-সহ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে মন্ত্রী বৈঠক করেন।

অভিযুক্ত টুলু মণ্ডল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩০

পাথর ও বালির বেআইনি কারবারে অভিযুক্ত টুলু মণ্ডলের সংস্থার সমস্ত কাজের বরাত বাতিলের নির্দেশ দিলেন পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার দুর্গাপুরে আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি (এডিডিএ)-র দফতরে সংস্থার চেয়ারম্যান, পশ্চিম বর্ধমানের জেলাশাসক-সহ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে মন্ত্রী বৈঠক করেন। সেখানেই টুলুর সংস্থার হাতে থাকা কাজগুলি বাতিল করে তিনি নতুন করে টেন্ডার ডাকার নির্দেশ দেন।

বৈঠকের পর অগ্নিমিত্রা বলেন, ‘বৈঠকে টুলু মণ্ডলের কাজের বরাত নিয়ে কথা হয়েছে। একজন ফেরার অভিযুক্তকে দিয়ে কাজ করানো যাবে না।’ মন্ত্রীর নির্দেশ অনুযায়ী, অসম্পূর্ণ কাজগুলি শেষ করতে নতুন করে টেন্ডার ডেকে অন্য কোনও সংস্থাকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

বীরভূমের বাসিন্দা টুলু মণ্ডল পাথর ও বালির বেআইনি কারবারের সঙ্গে যুক্ত বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে সংস্থা তৈরি করে নির্মাণ ব্যবসায় নামেন তিনি। ২০২৪ সালের এপ্রিলে অনলাইন টেন্ডারের মাধ্যমে দুর্গাপুর পুরসভার ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডের রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্পতালুকে প্রায় ৩.৬ কিলোমিটার রাস্তা সংস্কারের বরাত পায় তাঁর সংস্থা। আট মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও দু’বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও সেই কাজ সম্পূর্ণ হয়নি।

এডিডিএ-র তরফে পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের আমলাজোড়া পঞ্চায়েতের আইমা গ্রামেও প্রায় এক কোটি টাকা ব্যয়ে পেভার ব্লকের রাস্তা তৈরির বরাত দেওয়া হয়েছিল টুলুর সংস্থাকে। সেই কাজও শেষ হয়নি। রাজ্যে পালাবদলের পর থেকেই টুলু মণ্ডল বেপাত্তা বলে প্রশাসনিক সূত্রে খবর। এরপর থেকেই দুই রাস্তার কাজ কার্যত বন্ধ।

রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্পতালুকের রাস্তাটির ক্ষেত্রে প্রাথমিক ভাবে ব্যালেস্ট ও স্টোন ডাস্টের মিশ্রণ ফেলে রোড রোলার চালানো হয়েছিল। তার পর আর কাজ এগোয়নি। বর্ষার বৃষ্টিতে রাস্তার বিভিন্ন অংশে সেই মিশ্রণ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে শিল্পতালুকে পণ্য নিয়ে যাতায়াত করা ট্রাক এবং কারখানার কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ।

এ বার টুলু মণ্ডলের সংস্থার হাতে থাকা দুই রাস্তার কাজই নতুন করে টেন্ডার করে অন্য কোনও সংস্থাকে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে নতুন করে টেন্ডার প্রক্রিয়া এবং কাজ শুরু করতে সময় লাগায় রাস্তা দু’টির নির্মাণ শেষ হতে আরও কিছুটা সময় লাগতে পারে।


Share